ফাঁকা মাঠে মুণ্ডহীন যুবতীর দেহ উদ্ধারকে ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগণায়

দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে আজ সকাল থেকেই হুলুস্থুল পড়ে গিয়েছে। ফাঁকা মাঠ থেকে যুবতীর মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। সাতসকালে ফাঁকা মাঠে এক যুবতীর মুণ্ডহীন দেহ দেখে রীতিমতো ভয় পেয়ে যান জয়নগরের অভয়নগরের বাসিন্দারা।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জয়নগর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ নিয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যাওয়া মুণ্ডর খোঁজ শুরু হয়, কিছুটা দূরে পাওয়া যায় মুণ্ডটি। চাঞ্চল্যকর ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত অজ্ঞাতপরিচয় ওই যুবতীর ছবি জেলার বিভিন্ন থানায় পাঠানো হয়েছে শনাক্তকরণের জন্য। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই যুবতী ওই এলাকার নয়।

যুবতীর দেহের পাশে থাকা তাজা রক্ত দেখে পুলিশের অনুমান, বৃহস্পতিবার রাতেই ওই যুবতীকে খুন করা হয়েছে। তবে অন্যত্র খুন করে দেহ ওই এলাকায় ফেলে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে মনে করছে পুলিশ।

RELATED Articles