বিচারব্যবস্থা দিকে আঙুল তোলার জের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

বিচারব্যবস্থার দিকে আঙুল তুলে নানান মন্তব্য করেছিলেন তিনি। এই কারণে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে (Abhishek Banerjee)। আজ, সোমবার সকালে এই বিষয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অবকাশকালীন বেঞ্চের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের (Sabyasachi Bhattacharya) দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপরই মামলা দাখিল করার নির্দেশ দেওয়া হয় অভিষেকের বিরুদ্ধে।

গত শনিবার হলদিয়ায় শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে বিচারব্যবস্থার দিকে আঙুল তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, “আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় ১-২ জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে তল্পিবাহক হিসাবে কাজ করছেন। তারা ১ শতাংশ হবে। কিছু হলেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিচ্ছে। শুনেছেন কোনওদিন”

তিনি আরও বলেন, “আদালত নিরাপত্তা দিতে পারে। অধিকার আছে। তা বলে স্থগিতাদেশ? আপনার যদি মনে হয় সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন তো নিতে পারেন। আমার তাতে কিছু যায় আসে না। ক্যামেরার সামনে সত্যি কথা ২ হাজার বার বলব। ১০ হাজার বার বলব। সত্যি বলতে আমার বিবেকে বাঁধে না”।

এরপর গতকাল, রবিবার নাম না করেই এই প্রসঙ্গে অভিষেককে কটাক্ষ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন, “এসএসসি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন যে বিচারপতি, তাঁকে আক্রমণ করা নিন্দনীয়। একজন সাংসদ যাবতীয় সীমা ছাড়িয়েছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানকে বেনজির আক্রমণ করেছেন। বিচারব্যবস্থাকে আক্রমণ নিন্দাজনক। গতকাল যা হয়েছে, তার জন্য মুখ্যসচিবকে বলছি অবিলম্বে পদক্ষেপ করুন”।

আজ কলকাতা হাইকোর্টে অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন আইনজীবী কৌস্তুভ বাগচী। এরপরে মামলাটি গৃহীত হয় আদালতে। আজ দুপুর ২টোয় সব্যসাচী ভট্টাচার্যর বেঞ্চে এর শুনানি হবে বলে জানা গিয়েছে।

RELATED Articles

Leave a Comment