ভলভো বাসের পর এবার তেলের ট্যাঙ্কার, চেকিংয়ের সময় তেলের ট্যাঙ্কারে মিলল গরুর ঝাঁক, নয়া কৌশলে গরু পাচার হচ্ছে বাংলায়?

রাজ্যে কী এবার নয়া নয়া কৌশলে গরু পাচার হচ্ছে? গত কয়েকদিনে ঘটনা যা ঘটছে, তা থেকে যেন তেমনই আঁচ মিলছে। এর আগে ভলভো বাস থেকে উদ্ধার হয়েছিল বাস ভর্তি গরু। আর এবার তেলের ট্যাঙ্কার থেকে মিলল এক ঝাঁক গরু। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

কোথায় ঘটল এই ঘটনা?

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকায়। জানা গিয়েছে, এদিন একটি তেলের হেঁড়িয়া ইটাবেড়িয়া রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। নাকা চেকিংটের সময় ট্যাঙ্কারের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। ওই তেলের ট্যাঙ্কারের পথ আটকায় পুলিশ।  

 কিন্তু পুলিশকে পথ আটকাতে দেখেই ছুট দেয় চালক। পুলিশের গাড়িও সঙ্গে সঙ্গে ধাওয়া করে ওই তেলের গাড়িটিকে। ইটাবেড়িয়া বাজারের কাছে ওই গাড়িটিকে ধরে ফেলে পুলিশ। এরপরই শুরু হয় তল্লাশি। তেলের ট্যাঙ্কারটি খুলতে চোখ কপালে উঠে যায় পুলিশের।

দেখা যায়, ওই ট্যাঙ্কারে তেল নেই। রয়েছে এক ঝাঁক গরু। এই নিয়ে প্রশ্ন করা হয় ট্যাঙ্কারের চালক ও খালাসিকে। তাদের বক্তব্যে নানান অসঙ্গতি ধরা পড়ে। এর ফলে তাদের গ্রেফতার করে পুলিশ। ওই গাড়িটিকে আটক করা হয়। এভাবে নাকা চেকিংয়ের সময় যে গরু ভর্তি ট্যাঙ্কার আটক করা যাবে, তা ভাবতেও পারেন নি পুলিশ আধিকারিকরা।

প্রসঙ্গত, এই একদিন আগেই বর্ধমানের মেমারিতে এক ভলভো বাস থেকে উদ্ধার হয় এক ঝাঁক গরু। কলকাতার দিকে আসছিল ওই বাসটি। সেই সময় মেমারি থানার থেকে কিছুটা দূরে জাতীয় সড়কের উপর বাসটি জোরে ব্রেক কষলে একটি গরু রাস্তায় পড়ে যায়। এরপর স্থানীয়রা বাসটি দাঁড় করিয়ে তল্লাশি করলে দেখেন বাসে বাঁধা রয়েছে গরুর দল। এই ঘটনার পর এবার আজ ফের ঘটল এমনই এক ঘটনা।   

RELATED Articles