‘মর্নিং ওয়াক দাদা পার্কে থাক, বাংলার মেয়ে দিল্লি যাক, পাতাখোরগুলো বিজেপি করে’, দিলীপকে বেলাগাম তোপ অভিষেকের

সামনেই লোকসভা নির্বাচন। আজ, শনিবার ঘোষণা হয়ে গিয়েছে ভোটের দিনক্ষণ। ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোট। সাত দফায় হবে লোকসভা ভোট। ভোটের আবহে এবার নির্বাচনী প্রচারে গিয়ে দিলীপ ঘোষকে ফের নিশানা করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঞ্চনা থেকে শুরু করে নানান বিষয় নিয়ে তিনি বিঁধলেন কেন্দ্রকে।   

আজ, শনিবার মেদিনীপুরের বেলদা স্টেডিয়ামে জুন মালিয়ার হয়ে নির্বাচনী সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি আক্রমণ শানান কেন্দ্রকে। নানান বিষয়ে মধ্যে একটি ছিল কেন্দ্রের বঞ্চনার ইস্যুও। ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবী দিল্লির দরবারে বারবার আবেদন করেছে তৃণমূল।

এদিন সেই প্রসঙ্গ টেনেই অভিষেক বলেন, “দু’মাস রাস্তায় ছিলাম। এক দিন বাড়ি যাইনি। ঘর-পরিবার-স্ত্রী-সন্তান সবাইকে ছেড়ে রাস্তায় ছিলাম। ১০০ দিনের কাজের টাকার জন্য আন্দোলন করেছিলাম। আপনারা টাকা পেয়েছেন কি না বলুন”?

এরপরই তিনি সভা থেকে আক্রমণ করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে। বলেন, “আপনারা তো একজনকে সাংসদ করেছিলেন। সকালবেলা খালি মর্নিং ওয়াক ওঁর কাজ। সকাল হলেই উনি হাঁটতে বের হন আর নানান মন্তব্য করেন”।

এরপরই আমজনতাকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, “শরীরচর্চা আর মর্নিংওয়াক যিনি করছেন তাঁকে সাংসদ করবেন নাকি যে মেয়ে রাস্তায় লড়বেন, তাঁকে সং‌সদে পাঠাবেন? মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক, বাংলার মেয়ে দিল্লি যাক”। এদিন অভিষেক এও বলেন যে কোনও ভদ্রলোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, পাতাখোররাই বিজেপি করে বলে দাবী করেন এদিন অভিষেক।

প্রসঙ্গত, ২০১৯ সালে মেদিনীপুর থেকে বিজেপির টিকিটে লোকসভা ভোটের প্রার্থী হন দিলীপ ঘোষ। জিতে সাংসদ হন তিনি। তবে এবার এখনও মেদিনীপুরের প্রার্থীর নাম ঘোষণা করে নি বিজেপি। আর এই কেন্দ্র থেকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে জুন মালিয়াকে। ফের দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে টিকিট পান কী না, এখন সেটাই দেখার অপেক্ষা।

RELATED Articles