কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের টাকা না দেওয়ার অভিযোগ তুলে সেই টাকা নিজেই মেটানোর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। কিন্তু সেই টাকা নিতে গেলে মারধর করা হল শ্রমিককে। এমনই গুরুতর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষোভ শ্রমিকদের।
কোথায় ঘটেছে এই ঘটনা?
ঘটনাটি ঘটেছে গতকাল, রবিবার রাতে পুরুলিয়ার হুড়া ব্লকের চাটুরমাদার গ্রামে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে বকেয়া টাকা না মেটানোর অভিযোগ তুলেছে তৃণমূল সরকার। এই নিয়ে ধর্না, আন্দোলনও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্র টাকা না দেওয়ায় সেই টাকা রাজ্য সরকারই মেটাবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই টাকা নিতে গিয়ে আক্রান্ত হলেন সত্যবান মাহাতো নামের এক শ্রমিক।
কী অভিযোগ উঠেছে?
অভিযোগ, ওই শ্রমিক ১০০ দিনের কাজের পুরো টাকা পান নি। সেই টাকাই তিনি চাইতে গিয়েছিলেন গতকাল, রবিবার তৃণমূল পঞ্চায়েত সদস্যদের কাছে। টাকা নিয়ে তিনি অভিযোগ জানান তৃণমূল সদস্যদের কাছে। অভিযোগ, এরপরই ওই ব্যক্তির সঙ্গে বচসা শুরু হয় তৃণমূল কর্মীদের। দুই তৃণমূল কর্মী ওই শ্রমিককে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ। ওই ব্যক্তির পরিবারের লোকজন তাঁকে সেখান থেকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যান বলে জানা গিয়েছে।
এই ঘটনায় পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। রাতেই আহত ওই ব্যক্তির খোঁজ নিয়েছিলাম। হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেছি। গোটা পরিবারের পাশে আমরা রয়েছি”।
কী বলেছে তৃণমূল?
তৃণমূলের আবার পাল্টা দাবী, বিজেপি অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনা প্রসঙ্গে পুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত বলেন, “বিজেপির বিদায়ী সাংসদ এতদিন জনসংযোগে ছিলেন না, মানুষের সঙ্গে যোগাযোগে ছিলেন না। সেটাকে ঢাকানোর জন্য তৃণমূলের বিরুদ্ধে এইসব অপপ্রচার চালাচ্ছেন”।





