স্কুলে ঢুকে এক নাবালিকাকে ধ’র্ষ’ণ করার অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে। প্রায় এক সপ্তাহ আগে ঘটেছে এই ঘটনা। তবে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় নাবালকের পরিবারের তরফে। শেষমেশ নাবালিকার পরিবার সমস্ত চাপ উপেক্ষা করে অভিযোগ দায়ের করে থানায়। ওই নাবালককে গ্রেফতার করে হোমে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের মিরিক মহকুমার এক স্কুলে।
ঠিক কী ঘটেছে ঘটনাটি?
জানা গিয়েছে, গত ১২ সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠান ছিল উক্ত স্কুলে। অভিযুক্ত নাবালক অন্য স্কুলে পড়লেও, তার কিছু বন্ধু নাবালিকার স্কুলেই পড়ে। সেই বন্ধুদের সাহায্য নিয়ে ওই স্কুলে প্রবেশ করে অভিযুক্ত। অনুষ্ঠান শেষে নাবালিকাকে জোর করে এক ক্লাসরুমে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে, এমনটাই অভিযোগ। সেই সময় অভিযুক্ত নাবালকের বাকি বন্ধুরা কী করছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত নাবালকের বাবা এলাকায় প্রভাবশালী ব্যক্তি বলে পরিচিত। সেই কারণে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় নাবালকের পরিবারের তরফে। এমনকি, নাবালিকার পরিবারকেও মুখ না খোলার জন্য চাপ দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত সমস্ত চাপ উপেক্ষ করে মিরিক থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
কী জানাচ্ছে স্কুল কর্তৃপক্ষ?
এই ঘটনায় দার্জিলিংয়ের জেলা বিদ্যালয় পরিদর্শক (হিল) রবিনা তামাং বলেন, “এমন ঘটনা কীভাবে হয়েছে, তা তদন্তসাপেক্ষ। স্কুলে এমন ঘটনা ঘটার পিছনে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে”।
অন্যদিকে, মিরিকের এসডিপিও রুদ্রনারাযণ সাহু বলেন, “অভিযোগ পাওয়া মাত্র ঘটনায় পদক্ষেপ করা হয়েছে। পকসো ধারায় মামলা রুজু হয়েছে। আমরা তদন্ত করছি”।





