শুক্রবার থেকেই শুরু হয়েছে অঝোরে বৃষ্টি। আর এই একটানা বৃষ্টিতেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মাটির দেওয়াল ধসে গিয়ে মৃত্যু হল একই পরিবারের ৩ খুদের। শনিবারের এই ঘটনায় শোকের ছায়া নেমে এল গোটা এলাকায়। শোকে পাথর শিশুদের গোটা পরিবার।
কী ঘটেছিল ঠিক?
এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহের বোড়ামারায়। স্থানীয় সূত্রে খবর, আজ, শনিবার সকালে বাড়ির সামনেই খেলা করছিল ওই তিন শিশু। সেই সময় হঠাৎই ধসে পড়ে বাড়ির মাটির দেওয়াল। তাতেই চাপা পড়ে যায় তিন শিশু। তাদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে। কিন্তু চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর মৃত শিশুরা হল পাঁচ বছরের রোহন সর্দার, চার বছরের নিশা সর্দার এবং বছর তিনেকের অঙ্কুশ সর্দার। তিনজনের দেহই ইতিমধ্যে ময়নাতদন্তে পাঠানো হয়। তিনজনেই সম্পর্কে ভাই বোন। সাত সকালে বৃষ্টির জেরে একই পরিবারের তিন শিশুর মৃত্যুতে গোটা পরিবার কান্নার রোল ভেসে উঠেছে। গোটা বিষ্ণুপুরের বাঁকাদহের বোড়ামারা এলাকাতেই শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারানোর পর থেকেই তাদের বাবা-মা বারে বারে মূর্চ্ছা যাচ্ছেন।
জানা গিয়েছে, বাড়ির কাছেই মাটির একটি দেওয়াল ছিল। সেখানেই এদিন সকালে চার বছরের নিশা ও তিন বছরের অঙ্কুশকে নিয়ে খেলছিল পাঁচ বছরের রোহন। আচমকা দেওয়াল ধসে যায়। তাতে চাপা পড়ে যায় তিনজনেই। এই মৃত্যু যেন মেনে নিতে পারছেন না কেউই।






