জন্মদিন, বার্ষিকী কিংবা ছোটখাটো যেকোনো অনুষ্ঠান—এখন কেক ছাড়া যেন চিন্তাই করা যায় না। শহর বা মফস্বলে সব জায়গাতেই কেকের দোকানে ভিড় লেগেই থাকে। বিশেষ করে নামী ব্র্যান্ডের কেক পেতে সকলে নির্ভর করেন বড় বড় চেইন স্টোরগুলির উপর। স্বাদের পাশাপাশি গুণমানের নিশ্চয়তাও যে বড় ভূমিকা রাখে! কিন্তু, সেই নির্ভরতা কি আর থাকল?
সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার। এলাকায় অবস্থিত জনপ্রিয় কেক কোম্পানি মঞ্জিনিস-এর একটি আউটলেটে এমন কিছু দেখা গেল যা হতবাক করে দিয়েছে উপস্থিত ক্রেতাদের। দোকানে ঢুকেই এক ক্রেতা লক্ষ্য করেন কেকের পাশে কিছু যেন নড়ছে। ভাল করে তাকাতেই চমকে ওঠেন তিনি—কেকের পাশেই ফণা তুলে বসে রয়েছে একটি সাপ! সঙ্গে সঙ্গে চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের কাচঘেরা শোকেসের এক কোণে যেখানে কেক সাজানো থাকে, সেখানেই ছিল সেই সাপটি। প্রথমে কেউ বুঝতেই পারেননি। পরে দোকানের কর্মীরা সেটি সরাতে গেলে দেখা যায় সাপটি জীবন্ত এবং বিষধরও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেউ কেউ পুরো ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই দেখা দিয়েছে নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে প্রশ্ন।
মঞ্জিনিস-এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকানে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। দোকানের ভিতরে কীভাবে একটি সাপ প্রবেশ করল, তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রশ্ন উঠছে—যেখানে শত শত মানুষ প্রতিদিন কেক কিনতে আসেন, সেখানে এমন অস্বাস্থ্যকর পরিবেশ থাকলে ভবিষ্যতে আরও বড় বিপদ ঘটতে পারে না তো?
আরও পড়ুনঃ Weather update : নিম্নচাপের ভ্রুকুটি! তিনদিন টানা ঝড়-বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ!
সাধারণ মানুষ ঘটনার পর স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর দোকানে পরিদর্শন করানোর জন্য পরামর্শ দেন। কীভাবে সাপটি দোকানে প্রবেশ করল এবং কেকের পাশে থাকল তা খতিয়ে দেখা হচ্ছে। দোকানের কর্তৃপক্ষ যদিও বলছে এটা ‘দুর্ভাগ্যজনক ঘটনা’, তবে ভোক্তাদের ক্ষোভ কিন্তু কমছে না। অনেকেই বলছেন, এবার থেকে আর অন্ধভাবে নামী ব্র্যান্ড দেখেই কেনাকাটা নয়, বরং সতর্ক থাকা জরুরি।






