বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে FIR দায়ের তরুণীর

সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর ঠিক আগেই এক গুরুতর অভিযোগ উঠল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে। তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বিধায়কের বিরুদ্ধে।

এই ঘটনায় আজ, বুধবার নিউটাউন থানায় নওশাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ওই তরুণী। জানা গিয়েছে, ওই তরুণী বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা। এদিন তরুণীর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। এই ঘটনায় এখনও পর্যন্ত নওশাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে তিনি এই নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন বলে খবর।

কী অভিযোগ ওই তরুণীর?

জানা গিয়েছে, সাংবাদিকদের ওই তরুণী জানিয়েছেন, নওশাদ দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে সহবাস করছেন। তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এমনকি, নওশাদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও তোলেন তিনি।

তবে ভাঙড়ের বিধায়কের সঙ্গে কীভাবে ওই তরুণীর পরিচয় হল বা তাদের মধ্যেকার ঘনিষ্ঠতা নিয়ে কোনও প্রশ্নের জবাব দেন নি তিনি। অভিযোগকারিণী বলেন, “আপনাদের যা জানার নওশাদকে জিজ্ঞাসা করুন”। নিউটাউন থানায় ওই মহিলা জিরো এফআইআর দায়ের করেছেন বলে জানা গিয়েছে। পরে তা বিমানবন্দর থানায় পাঠানো হবে বলে খবর।

তৃণমূল নেতা কী জানাচ্ছেন?

এদিন ওই তরুণীকে নিউটাউন থানায় নিয়ে যান তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তিনি জানান, “উনি বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিলেন। সংখ্যালঘু পরিবারের উচ্চশিক্ষিত মহিলা। তিনি একজন বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ করছেন তা মুখে আনা যাচ্ছে না”।

তৃণমূল নেতার কথায়, “এটা আমাদের বিষয় নয়। আইন আইনের পথে চলবে। পুলিশ দেখুক অভিযোগ সত্য না কি মিথ্যে”।

RELATED Articles