এর আগে বার্ধক্য ভাতা দেওয়ার জন্য নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে বিশেষ ক্যাম্প করেছিলেন তিনি। আর এবার ১০০ দিনের কাজের ‘বঞ্চিত’দের বকেয়া টাকা দিতে ফের এক বিশেষ ক্যাম্পের আয়োজন করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই ক্যাম্পে নথিভুক্ত করা হবে ‘বঞ্চিত’দের নামের তালিকা।
জানা গিয়েছে, আজ, শনিবার থেকে শুরু হচ্ছে এই বিশেষ ক্যাম্প। তা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ২১ লক্ষ ‘বঞ্চিত’ শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। রেড রোডের ধর্না মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দলনেত্রোর সেই ঘোষণার পরই দলের সর্বস্তরে এই নিয়ে বেশ তৎপরতা শুরু হয়। এবার এই টাকা মেটানোর জন্য নিজের সংসদীয় এলাকায় বিশেষ ক্যাম্প করার সিদ্ধান্ত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, গোটা দক্ষিণ ২৪ পরগণা জুড়ে প্রায় তিনশোরও বেশি ক্যাম্প খোলা হচ্ছে এই কাজের জন্য।
এই ক্যাম্পে জব হোল্ডাররা প্রয়োজনীয় নথি দেখিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। অঞ্চলভিত্তিক হিসেবে ক্যাম্প করা হবে যাতে কারোর অসুবিধা না হয়। নথি যাচাইয়ের পর তৈরি হবে চূড়ান্ত তালিকা। সেই তালিকা রাজ্য সরকারের কাছে পাঠাবে দক্ষিণ ২৪ পরগণার প্রশাসন। তারপরই নিজেদের ন্যায্য টাকা পেয়ে যাবেন ‘বঞ্চিত’ শ্রমিকরা।
প্রসঙ্গত, এর আগেও নিজের সংসদীয় এলাকায় করোনা পরিস্থিতির সময় দুঃস্থদের জন্য বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে ডক্টর অন হুইল, এমন নানান ব্যবস্থা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের বকেয়া টাকার দাবীতে প্রথমে দিল্লি গিয়ে আন্দোলন করেছেন তিনি। সেখান থেকে ফিরে রাজভবনের সামনেও ধর্নায় বসেছিলেন। কিন্তু কেন্দ্রের টাকা মেলেনি। এরপর এই একই দাবী ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন যে আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ‘বঞ্চিত’দের ১০০ দিনের বকেয়া টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকারই।





