অনুব্রতর মঙ্গল কামনায় শনিবার বিরাট যজ্ঞ তাঁর শুভাকাঙ্খীদের, ৫০ কেজি ঘি দিয়ে হবে হোমযজ্ঞ, ভোগ খাবেন ১০-১২ হাজার মানুষ

গত দু’বছর ধরে জেলায় নেই তিনি। গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়ার পর আপাতত তাঁর ঠাঁই হয়েছে তিহাড় জেলে। তাঁর অনুপস্থিতিতে তাঁর জেলা যেন অভিভাবকহীন হয়ে পড়েছে। সেই কারণে অনুব্রত মণ্ডলের নামে হোমযজ্ঞ করার সিদ্ধান্ত নিলেন তাঁর শুভাকাঙ্খীরা।

কোথায় হচ্ছে এই যজ্ঞ?

জানা গিয়েছে, আজ, শনিবার বোলপুর রেলওয়ে ময়দানে বোলপুর সর্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির চত্বরে অনুব্রতর নামে হচ্ছে এই যজ্ঞ। এই নিয়ে কয়েকদিন ধরেই চলছিল বিশাল আয়োজন। দুর্গামন্দিরের সামনে লাগানো হয়েছে একটি বড় পোস্টার। তাতে লেখা, ‘অনুব্রত মণ্ডল, বোলপুর তথা বীরভূমের রূপকার’। ‘অনুব্রত মণ্ডল মহাশয়ের শুভাকাঙ্খীগণ’ মিলেই আয়োজন করেছেন এই যজ্ঞের।   

অনুব্রতর মঙ্গল কামনায় শনিবার বিরাট যজ্ঞ তাঁর শুভাকাঙ্খীদের, ৫০ কেজি ঘি দিয়ে হবে হোমযজ্ঞ, ভোগ খাবেন ১০-১২ হাজার মানুষ

কী জানানো হচ্ছে এই যজ্ঞ সম্পর্কে?

স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিং এই যজ্ঞ নিয়ে বলেন, “৫০ কেজি ঘি, ৫ কুইন্টাল বেল কাঠ থাকবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে ১২টা অবধি চলবে যজ্ঞ। তারপর ভোগ বিতরণ শুরু হবে। আমরা প্রথমে ভেবেছিলাম ৫-৬ হাজার লোকের আয়োজন করব। কিন্তু যা দেখছি তাতে আমরা ১০ হাজার লোকের মতো আয়োজন করছি”। 

কেন হঠাৎ এই যজ্ঞ?

সুনীল সিংয়ের কথায়, “আমাদের বোলপুর তথা বীরভূমের অভিভাবক অনুব্রত মণ্ডল। আমরা ভালবেসে ওনাকে কেষ্টদা ডাকি। উনি আজ এখানে নেই, তিহাড় জেলে আছেন। কিন্তু একদমই মিথ্যা মামলায় ওনাকে এজেন্সি ধরে রেখেছে। ওনার মঙ্গলের জন্য আমরা মা দুর্গার কাছে যজ্ঞ করছি। আমরা আজ অভিভাবনহীন। আমরা বলব উনি যেন আমাদের এখানে ফিরে আসেন”।

প্রসঙ্গত, গত প্রায় দু’বছর ধরে গরু পাচার কাণ্ডে জেলবন্দি রয়েছেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তাঁর পাশে দাঁড়িয়েছেন। এও বলা হয়েছে যে অনুব্রত জেল থেকে ছাড়া পেলে তাঁকে বীরের সম্মান দেওয়া হবে। তবে কিছুদিন আগেই যখন মনে হতে শুরু করেছিল যে বীরভূমের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন অনুব্রত মণ্ডল, সেই সময় তাঁর জন্য এই যজ্ঞ বা জয়চাঁদের মেলায় তাঁর নামের তোরণ, ফের জানান দিয়েছে যে অনুব্রতকে বীরভূমের রাজনীতি থেকে বাদ দেওয়া এত সহজ নয়। না থেকেও তিনি যেন রয়ে গিয়েছেন বীরভূম জুড়ে।   

RELATED Articles