মুকুল রায় কোন দলে? তৃণমূল নাকি বিজেপি? সরাসরি জবাব দিলেন অভিষেক

মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান ঠিক কী? তিনি আদতে কোন দলে রয়েছেন? তৃণমূল নাকি বিজেপি? এই নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনার অন্ত নেই। মাঝেমধ্যেই রায়বাবুর মুখের অসংলগ্ন মন্তব্যের জেরে বেশ বিপাকে পড়তে হয় দুই দলকেই। এদিকে বিধাসভার খাতাকলমে মুকুল রায় এখনও পর্যন্ত বিজেপিরই বিধায়ক, এমনটাই তথ্য রয়েছে।

কৃষ্ণনগর উত্তরের বিধায়কের বিধানসভার সদস্য পদ খারিজের জন্য মামলা করেছে বিজেপি। আগামী সপ্তাহে বিধানসভার স্পিকারের কাছে এই মামলার শুনানি রয়েছে। এই মামলা গড়িয়েছে আদালত পর্যন্তও। এবার এমন পরিস্থিতিতে মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনায় বসেন অভিষেক। সেখানেই মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে নিজের বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আমি মুকুল রায়ের মুখপাত্র নই। মুকুল রায়ের আইনজীবীর মুখপাত্র নই। ওনারা বলতে পারবেন”। এরপর কিছুটা হেঁয়ালি করেই তিনি বলেন, “আপনিও জানেন। আপনারা সবাই চোখে দেখেছেন”।

উল্লেখ্য, ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নানান তোপ দাগেন তিনি। এমনকি, বিজেপির নানান সভায়, রাজনৈতিক সমাবেশে তৃণমূল সম্পর্কে নানান অভিযোগ করতে শোনা গিয়েছে রায়বাবুকে। এরপর ২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ১৮টি আসন পায়। এর কৃতিত্ব পান মুকুল রায়। হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। এরপর একুশের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে ভোটে দাঁড়ান তিনি ও জয়ী হন।

কিন্তু ভোটের ফলাফল প্রকাশের একমাস বাদেই বড় পরিবর্তন। ফের তৃণমূলে ঘর ওয়াপসি করেন রায়বাবু। তাঁকে দলে স্বাগত জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যে অভিষেক সম্পর্কে একদা তিনি নানান তোপ দেগেছিলেন, তাঁকেই বুকে টেনে নেন মুকুল রায়।

এরপরই বিজেপির তরফে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য মামলা করা হয়। এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এর উপর মাঝেমধ্যেই রায়বাবুর অসংলগ্ন মন্তব্যের জেরে সেই তরজা আরও বাড়ে। এবার এই বিষয়ে জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভিডিও সৌজন্যেঃ জি ২৪ ঘণ্টা

RELATED Articles