পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে একেবারেই খুশি নন তিনি। এমনকি এও জানা গিয়েছে যে তাঁর নিজের শহর চাঁপাদানিতেও তাঁর মতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই কারণে কংগ্রেস ছাড়ার কথা ভাবছেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আবদুল মান্নান।
জানা গিয়েছে, তিনি নিজের ঘনিষ্ঠ মহলে একথাই জানিয়েছেন। দলের প্রতি ক্ষোভও তৈরি হয়েছে কংগ্রেস নেতার। এবার প্রশ্ন উঠেছে যে কংগ্রেস ছেড়ে তিনি কোন রাজনৈতিক দলে যোগ দেবেন? কারণ বর্তমানে দলবদলের হিড়িক চলছে। তবে জানা গিয়েছে অন্য কোনও দলে নয়, রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার পথে হাঁটতে পারেন আবদুল মান্নান।
সূত্রের খবর অনুযায়ী, আবদুল মান্নান ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কাজ করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তাঁর কথায়, রাজ্যের নেতাদের কোনও কথাকে গুরুত্ব দিচ্ছে না দল।
তিনি এও জানান যে পুরভোটের প্রার্থীতালিকা তৈরিতে মান্নান সাহেবের কোনও পরামর্শ নেওয়া নেয়নি দল। এমনকি, নিজের শহর চাঁপদানিতেও তাঁর পাঠানো তালিকা উপেক্ষা করা হয়েছে। দল ইচ্ছামতো প্রার্থীতালিকা বানিয়েছে বলে খবর। এই কারণে তিনি দলত্যাগ করে রাজনৈতিক সন্ন্যাসের কথা ভাবছেন।
তবে প্রদেশ কংগ্রেসের তরফে আবদুল মান্নানের সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রদেশ কংগ্রেসের এক নেতা বলেন, “চাঁপদানি তো বটেই হুগলির একাধিক পুরসভায় প্রার্থীতালিকা তৈরিতে মান্নান সাহেবের পরামর্শ দেওয়া হয়েছে। তিনি প্রকাশ্যে দলত্যাগের কথা জানিয়েছেন বলে শুনিনি। ছোটোখাটো কোনও ক্ষোভ থাকলে আমরা ওঁর সঙ্গে কথা বলব”।





