‘ডোন্ট টাচ মাই বডি’, এই হুঁশিয়ারি বাক্য যেন গতকাল থেকেই চারিদিকে চাউর হয়ে আসছে। নবান্ন অভিযানে (Nabanna Abhiyan) মহিলা পুলিশের উদ্দেশে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এহেন মন্তব্য নানান মিম তৈরি করেছে রাতারাতি। তাঁর সেই মন্তব্য নিয়ে এবার কথা বলতে শোনা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)।
আজ, বুধবার নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশ কর্তার সঙ্গে দেখা করতে এসএসকেএমে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে বেরোনোর পর শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে কথা বলেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা প্রসঙ্গে অভিষেক বলেন, “উনি বলছেন মহিলাদের অপছন্দ করেন, পুরুষ পছন্দ করেন”।
এদিন অভিষেক দাবী করেন যে বিজেপির নবান্ন অভিযানের আসল উদ্দেশ্য ছিল হিংসার আবহ তৈরি করা। অভিষেকের সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিক্রিয়ায় শুভেন্দু তাঁকে ‘লম্পট’, ‘ডাকাত’ বলেছেন। সেই নিয়ে কটাক্ষ করে তৃণমূল নেতা বলেন, “উনি বলছেন, ডোন্ট টাচ মাই বডি। আই অ্যাম মেলস। ইউ আর লেডি। এর মানে কী? আমি তো বুঝতেই পারছি না। উনি বলছেন মহিলাদের মা দুর্গা হিসেবে দেখেন। তাহলে মা দুর্গা যদি আপনার পিঠে বা কাঁধে হাত দিয়ে ভ্যানে উঠতে বলেন, তাতে রেগে যাওযার কী হল”।
এরপর প্রশ্ন তুলে অভিষেক বলেন, “ওঁর গায়ে এত জ্বালা কেন? মেল পুলিশ টাচ করবেন, ফিমেল পুলিশ টাচ করবেন না। তার মানে কী”? অভিষেকের এদিনের খোঁচা থেকে পরিষ্কার যে তিনি কার্যত বিরোধী দলনেতার যৌ’ন সত্তা নিয়েই প্রশ্ন তুলছেন।
এর পাশাপাশি অভিষেক এদিন এও প্রশ্ন তোলেন যে শুভেন্দুর প্রতি মহিলাদের প্রতি সত্যিই এমন মনোভাব থাকত, তাহলে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে অপশব্দ প্রয়োগ করেন কেন? এদিন বিজেপির নবান্ন অভিযান নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। তাঁর দাবী, অভিযানের নামে গুণ্ডামি, ভণ্ডামি করেছে বিজেপি।





