‘শেখ শাহজাহানকে গ্রেফতার করাই যায়, কিন্তু হাত-পা বেঁধে রেখেছে…’, তৃণমূল নেতার গ্রেফতার না হওয়ার দায় কার উপর চাপালেন অভিষেক?

সন্দেশখালি জ্বলছে। সেখানকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রতিবাদের আগুন গড়ে তুলেছেন সন্দেশখালির মহিলারা। ৫২ দিন ধরে নিখোঁজ সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান। এর আগে তৃণমূল মন্ত্রী বলেছিলেন, শাহজাহানকে ধরার দায়িত্ব ইডির। পুলিশকে দায়িত্ব দিলে ১০ দিনের মধ্যে ধরে ফেলবে। আর এবার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহজাহানের গ্রেফতার না হওয়ার কারণ ব্যাখ্যা করলেন।

গত মাস থেকেই উত্তপ্ত সন্দেশখালি। শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি চালাতে গেলে হামলার মুখে পড়ে ইডি। এরপর চলতি মাসের প্রথম থেকেই শাহজাহান ও তাঁর দুই সাগরেদ উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে বাড়ি, জমি দখল ও শ্লী’ল’তা’হা’নি, শারীরিক অত্যাচারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান সন্দেশখালির মহিলারা। উত্তম ও শিবুকে গ্রেফতার করা হলেও এখনও ফেরার শাহজাহান।

শাহজাহান গ্রেফতার না হওয়ার কী কারণ দর্শালেন অভিষেক?

গতকাল, রবিবার মহেশতলায় একটি উড়ালপুল ও জলের প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়ি তল্লাশিতে গিয়ে ইডি যে হামলার মুখে পড়েছিল, সেই নিয়ে এফআইআর দায়ের করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সেই সময় সন্দেশখালির তদন্তের দায়িত্ব দেওয়া হয় রাজ্য প্রশাসন, পুলিশ ও সিবিআই-এর প্রতিনিধিদের।

অভিষেকের দাবী, এর ১০-১২ দিন পর ইডি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই নির্দেশের উওর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানায়। সেই আবেদন মঞ্জুর হওয়ার জেরেই তদন্ত বন্ধ হয়ে যায়। অভিষেকের কথায়, “হাইকোর্ট পুলিশের হাত পা বেঁধে দিলে পুলিশ কী করবে? গ্রেফতারির জন্য সময় তো দিতে হবে, ইডিকে তো অনেক সময় দেন। এই বৈষম্য কেন”?

তৃণমূল সাংসদের কথায়, “তৃণমূল এমন একটা দল যারা পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করে না, তাহলে কে শেখ শাহজাহান? তাই শাহজাহানকে তৃণমূল গার্ড করছে না। যদি কেউ গার্ড করে থাকে তা হল বিচার ব্যবস্থা, যাতে রোজ সন্দেশখালি শিরোনামে থাকে”।

তিনি এও বলেন, সন্দেশখালি নিয়ে পুলিশ ইতিমধ্যেই পদক্ষেপ করেছে। বলেন, “যখন যাঁর বিরুদ্ধে অভিযোগ এসেছে দল ব্যবস্থা নিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও তাই হয়েছে। আবার জ্যোতিপ্রিয়কে মন্ত্রীসভা থেকে বাদ দেওয়া হয়েছে। কাশ্মীর থেকে সুদীপ্ত সেনকে ধরা হয়েছিল। কে শাহজাহান? তৃণমূল কাউকে আড়াল করছে না। ওকে আড়াল করছে বিচারব্যবস্থা”। অর্থাৎ শাহজাহানের গ্রেফতার না হওয়ার দায় পুরোটাই আদালতের উপরেই চাপালেন অভিষেক।

RELATED Articles