আর জি কর কাণ্ডের প্রতিবাদে গত ৪০ দিন ধরে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের। মাঝে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠকও হয়েছে। তাদের কিছু দাবী মেনেছে সরকার। তবে জুনিয়র চিকিৎসকদের দাবী, তাদের শর্ত যদি পুরোপুরিভাবে না মানা হয়, তাহলে তাদের আন্দোলন জারি থাকবে। এবার চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গতকাল, মঙ্গলবার ছিল আর জি কর মামলায় সুপ্রিম কোর্টের শুনানি। এদিন জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার প্রসঙ্গ ওঠে আদালতে। চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং জানান, জুনিয়র চিকিৎসকরা জিবি বৈঠক করে কাজে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন, গতকাল মধ্যরাতে আন্দোলনরত চিকিৎসকরা জানান, তারা যে দাবী রেখেছেন, তা আংশিক মানা হয়েছে। সম্পূর্ণ দাবী না মানা হলএ তারা কাজে ফিরবেন না। এরপরই এবার এই নিয়ে পোস্ট করলেন তৃণমূল সাংসদ।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, “প্রথম দিন থেকে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত সব দাবীদাওয়া সমর্থন করেছি। তাঁদের অধিকাংশ দাবিদাওয়া যুক্তিপূর্ণ বলেই মনে হয়েছে। রাজ্য় সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে, ১৪ দিনের মধ্যে বাংলার সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে সিসিটিভি বসানো হবে, নিরাপত্তা বিষয়ক পরিকাঠামো উন্নয়ন ঘটানো হবে। একইসঙ্গে রাজ্য় সরকার তাঁদের দাবি মেনে কলকাতা পুলিশ এবং স্বাস্থ্যদপ্তরের একাধিক শীর্ষকর্তাকে বদলি করেছে”।
এরপরই জুনিয়র চিকিৎসকদের কাছে আর্জি জানিয়ে অভিষেক লেখেন, “এরপর সৌজন্য দেখিয়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে কাজে ফেরার কথা ভাবনাচিন্তা করা উচিত”।
এখানেই শেষ নয়, এদিন সিবিআইয়ের তদন্তের গতি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক। তাঁর কথায়, “গত ১০ বছরে সিবিআইয়ের রেকর্ডই বলছে, তাঁরা একটিও তদন্তর নিষ্পত্তি করতে পারেনি। যার অর্থ ন্যায় বিচার দিতে দেরি করা মানে তা অস্বীকার করা”। আর জি কর মামলার দ্রুত নিষ্পত্তির দাবীও তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।





