গোটা দেশের কাছে ডায়মন্ড হারবার (Diamond Harbor) মডেল হয়ে থাকবে। আজ, বুধবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে একথাই বলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি জানান যে আগামী দু’বছরের মধ্যে এই লোকসভা কেন্দ্রের প্রত্যেক ঘরে নলবাহিত জল পৌঁছবে। তাঁর কথায়, এখানে যেভাবে কাজ হয়েছে দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রে তেমনভাবে কাজ হয়নি।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতি বাড়িতে আর্সেনিকমুক্ত জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে। সেই প্রকল্পের উদ্বোধন করতেই নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান সভা থেকে কেন্দ্র সরকারকেও তোপ দাগেন তিনি। এর পাশাপাশি এই নতুন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেন।
অভিষেক এদিন বলেন, “কেউ যদি কাজ আটকানোর চেষ্টা করে, তাহলে স্বতঃপ্রণোদিত মামলা করে জেলে ভরে দিন”। এদিন পুলিশ-প্রশাসনকে এমনই নির্দেশ দেন অভিষেক। এর পাশাপাশি হুঁশিয়ারি শানিয়ে তিনি বলেন, “কেউ যদি মনে করেন পুরসভার জলের লাইন মাঝপথে কেটে কাউকে জল দেবে, তাহলে ভুল করবে। কেউ কিছু করলে আমার কাছে একঘণ্টার মধ্যে খবর চলে আসবে”।
সকলের জন্যই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্ত্রেই বিশ্বাসী। আর তাঁর সেই আদর্শেই অনুপ্রাণিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। একথা জানিয়ে এদিন তিনি বলেন, “ভোটের তিন মাস আগে রাজনীতি হবে। লোকসভা ভোট, বিধানসভা ভোট, পুরসভা-পঞ্চায়েত ভোটের আগের ৩ মাস রাজনীতি হবে। সবমিলিয়ে ১২ মাস। বাকি ৪ বছর মানুষকে পরিষেবা দেব। এরপর পুরকর্মীদের অভিষেকের নির্দেশ, যারা আমাদের ভোট দেননি, বিরোধীদের বাড়িতে আগে জলের লাইন দিন। চেষ্টা করুন ১৮ মাসের মধ্যে কাজ শেষ করতে। আমিও প্রতি ২-৩ মাস অন্তর এসে বিস্তারিতভাবে কাজ খতিয়ে দেখব”।
এদিনের এই সভা থেকে কেন্দ্রকে কটাক্ষ শানাতেও ছাড়েন নি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজের টাকা আটকে দেওয়া নিয়ে সরব হয়ে তিনি বলেন, “বাংলায় ভোটে হেরেছে বিজেপি। তারই বদলা নিতে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র। কিন্তু ওদেরও জেনে রাখা উচিত, এভাবে বাংলার মানুষের পেটে লাথি মারা যাবে না”।





