‘২৪-এর লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম ৫০০ টাকা হবে’, বড় প্রতিশ্রুতি অভিষেকের

রাখিবন্ধনের দিনই গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা ক্মিয়েছে কেন্দ্র সরকার। রাখিবন্ধনে এটা বোনেদের জন্য নরেন্দ্র মোদীর উপহার বলে মন্তব্য করা হয় কেন্দ্রের তরফে। তবে বিরোধীদের দাবী, ইন্ডিয়া জোটের দম দেখেই নাকি কেন্দ্র সরকার গ্যাস সিলিন্ডারের দাম কমাতে বাধ্য হয়েছে। এবার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবী করলেন যে ইন্ডিয়া জোট যদি আসন্ন লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসে, তাহলে গ্যাসের দাম ৫০০ টাকা হবে।

কী বলেছেন অভিষেক? 

আজ, শনিবার উপনির্বাচনের প্রচারে ধূপগুড়িতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভামঞ্চ থেকেই একাধিক প্রতিশ্রুতি দিতে দেখা যায় তাঁকে। গ্যাসের দাম নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেন অভিষেক তাঁর জথায়, “গণতন্ত্রে মানুষের থেকে ক্ষমতাশালী কেউ নয়। একুশের নির্বাচনে বাংলায় তৃণমূল জিতেছিল, বিজেপি হেরেছিল। তারপরই পেট্রোল, ডিজেলের দাম কমেছিল। আর বিজেপি জিতলে কী হবে? এই যে গ্যাসের দাম ২০০ টাকা কমিয়েছে। চব্বিশের নির্বাচনে এরা জিতলে রান্নার গ্যাস ৩০০০ টাকা হবে। আর ইন্ডিয়া জোট জিতলে কী হবে? রান্নার গ্যাসের দাম ৫০০ টাকায় এসে নামবে। এটা আমাদের প্রতিশ্রুতি। কথা দিলে কথা রাখি।”

কী প্রতিক্রিয়া বিজেপির?

অভিষেকের এই প্রতিশ্রুতিকে কটাক্ষ করতে ছাড়েন নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এই কথাকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। উনি আগে বিদ্যুতের বিল কমান। উনি আগে ২ কোটি বেকারকে চাকরি দেওয়ার ব্যবস্থা করুন। গ্যাসের দাম ৫০০ টাকা করার আগে বকেয়া ডিএ মিটিয়ে তারপর এই কথা বলুন”।

প্রসঙ্গত, গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে বিরোধীরা অনেকদিন ধরেই সরব। গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম কমানোর দাবী নিয়ে একাধিকবার সুর চড়িয়েছেন তারা। আগামী বছরই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনে যে গ্যাসের দামবৃদ্ধিকে তারা ইস্যু করবে, তা অভিষেকের মন্তব্য থেকে বেশ স্পষ্ট।

RELATED Articles