ডায়মন্ড হারবারের দু’বারের সাংসদ তিনি। তাঁর নেতৃত্বে ডায়মন্ড হারবারে যে বেশ কাজ হচ্ছে, তা অস্বীকার করার জায়গা নেই। তাঁর ডায়মন্ড হারবার মডেল বহুল চর্চিত। এবার নিজের লোকসভা কেন্দ্রের উন্নতির খতিয়ান তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গতকাল, সোমবার ডায়মন্ড হারবার নিয়ে পর্যালোচনা বৈঠক করেন তৃণমূল সাংসদ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকলকে ডায়মন্ড হারবার মডেল সম্পর্কে বোঝালেন তিনি। তাঁর কথায়, এই লোকসভা কেন্দ্রে গত এক দশকে প্রতি ঘণ্টায় ৬ লক্ষ টাকার কাজ হয়েছে।
কী কী খতিয়ান দিলেন অভিষেক?
এদিন বৈঠক শেষে ডায়মন্ড হারবারে উন্নতির খতিয়ান তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, গত দশ বছরে এই লোকসভা কেন্দ্রে ২৮০০ কোটি টাকার কাজ হয়েছে। সাংসদ তহবিল থেকে শুরু করে এলাকার বিধায়কদের তহবিল, সরকারি দফতরের নানান প্রকল্প, জেলা পরিষদের নানান প্রকল্প রয়েছে এই কাজের মধ্যে। ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, “সব দফতর মিলিয়ে প্রায় ২৮০০ কোটি টাকার কাজ আমরা শেষ করেছি”।
আরও নানান প্রকল্প আসতে চলেছে খুব শীঘ্রই, সেকথাও এদিন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “চলতি প্রকল্পগুলির টাকার অঙ্ক ২৪০০ কোটি টাকা”। তিনি বলেন, “এই দু’টি যদি যোগ করেন, তাহলে ৫২০০ কোটি টাকার কাজ গত দশ বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমরা করতে পেরেছি”। সাংসদ জানান, আরও ৫৮০ কোটি টাকার কাজ হওয়ার কথা রয়েছে।
ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, “সব মিলিয়ে ৫,৭৮০ কোটি টাকার কাজ ডায়মন্ড হারবারে আমরা করেছি, করছি বা আগামী দিনে সম্পূর্ণ হতে চলেছে। এক কোটি, দু কোটি, পাঁচ কোটি, দশ কোটি নয়”।
গত দশ বছরে ডায়মন্ড হারবারে কাজের গড় হিসেব বুঝিয়ে দিলেন অভিষেক। তাঁর ব্যাখায়ঃ
- দশ বছরের হিসেবে কাজের অঙ্কটা যদি ৫৭৮০ কোটি টাকা হয়, তাহলে গড় হিসেব করলেএক বছরে ৫৮০ কোটি টাকার কাজ হয়েছে।
- ১২ মাসে এক বছর। অর্থাৎপ্রতি মাসে গড় হিসেবে প্রায় ৪৫-৪৮ কোটি টাকার কাজ হয়েছে সেখানে।
- আবার ৩০ দিনে এক মাস। তাই দিনের হিসেব করলে দেখা যাচ্ছেপ্রতি দিনে গড়ে কাজ হয়েছে দেড় কোটি টাকার।
- সেটাই যদি ঘণ্টার হিসেবে ভাগ করা হয়, তাহলেপ্রতি ঘণ্টায় ডায়মন্ড হারবারে ৬ লক্ষ টাকার কাজ হয়েছে।
বেশ গর্বের সঙ্গেই এদিন অভিষেক বলেন, “এটাই হল ডায়মন্ড হারবার মডেল”। শুধু তাই-ই নয়, তিনি বেশ আত্মবিশ্বাসী যে দেশের কোনও লোকসভা কেন্দ্রে দশ বছরের মধ্যে এমন ভালোভাবে কাজ হয়নি। আগামী দশ বছরে আরও বড় টার্গেট নিয়েছেন তিনি, তাও জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ।






