রাহুল গান্ধীর ন্যায় যাত্রার মধ্যেই বড় ভাঙন অধীরের গড়ে, দল ছেড়ে বিজেপিতে যোগ একাধিক কংগ্রেস নেতার

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদে ন্যায় যাত্রা কর্মসূচিতে আসছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কিন্তু এই কর্মসূচির মধ্যেই বড় ভাঙন দেখা দিল অধীরের গড়ে। দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একাধিক কংগ্রেস কর্মী-সহ শতাধিক পরিবারও। লোকসভা ভোটের আগে এমন ভাঙনের জেরে বেশ ব্যাকফুটে হাত শিবির।

কোথায় হল এই দলবদল?

গতকাল, সোমবার হরিহরপাড়ায় কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের ২ সদস্য যোগ দেন বিজেপিতে। এদিনের এই যোগদান কর্মসূচি হয় হরিহরপাড়ার চোয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচগাছি শিবনগর এলাকায়। এদিন গ্রাম পঞ্চায়েতের ২ সদস্যের সঙ্গে গেরুয়া শিবিরে যোগ দেয় প্রায় ৪০০টি পরিবার। এর ফলে ওই এলাকায় যে পদ্ম শিবিরের ঘাঁটি শক্ত হয়েছে, তা বলাই বাহুল্য।

কী জানাচ্ছেন দলবদল করা কর্মীরা?

এদিন বিজেপি নেতা তন্ময় বিশ্বাসের হাত ধরে ঘটে এই দলবদল। এদিন দল ছেড়ে বিজেপিতে আসেন কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য দিবস মণ্ডল ও আব্দুস সামাদ। তাদের দাবী, দলে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেই কারণেই এই দলবদল।  

কী জানাচ্ছে পদ্ম শিবির?

এই যোগদান সম্পর্কে তন্ময় বিশ্বাস বলেন, “সিপিএম এবং কংগ্রেস থেকে আমাদের এখানে ৪০০ পরিবার যোগ দিল। শিবনগর বুথের কংগ্রেস পঞ্চায়েত সদস্য দিবস মণ্ডল ও আব্দুস সামাদ যোগ দিলেন। হরিহরপাড়ার অবস্থা সকলেই জানেন। এখানে তৃণমূল ছাড়া যে সে-ই দল করুন না কেন, তাদের কেউ নিরাপত্তা দিতে পারেনি। দলের নেতৃত্ব তাঁদের পাশে থাকেনি। কোনও সাপোর্ট দেয়নি। মিথ্যা মামলায় পুলিশ ফাঁসালেও দল কোনও প্রতিবাদ করেনি। সিপিএমেরও একই অবস্থা। তবে আমাদের বিজেপির কাউকে কেস দেওয়া তো দূর, কেস দেওয়ার কথাও ভাবতে পারে না। কারণ তন্ময় বিশ্বাস ছেড়ে দেবে না ওরা জানে”।

কী প্রতিক্রিয়া কংগ্রেসের?

এদিনের এই যোগদান প্রসঙ্গে হরিহরপাড়া ব্লক কংগ্রেস সভাপতি জাহাঙ্গির শেখ বলেন, “কংগ্রেসের টিকিটে জিতে দলের সঙ্গে বিশ্বাসঘাতকা করল। কারণ কংগ্রেসের কাছে চাওয়া পাওয়ার বিষয় বলে কী হবে। আমরা তো পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই। মানুষের সঙ্গে আমরা সবসময়ই থাকি আছি থাকব। কিন্তু ওনাদের যে চিন্তাভাবনা টাকার কাছে আত্মসমর্পণ করার সমান”।

RELATED Articles