অস্ত যাওয়ার পথে শীত? ফের পশ্চিমী ঝঞ্ঝার দাপট, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, আশঙ্কায় কৃষকরা

মাঘ মাস পড়তেই বেশ খেল দেখাতে শুরু করেছিল শীত। কনকনে ঠাণ্ডার জেরে জবুথবু হয়েছে বঙ্গবাসী। কিন্তু ফের আবহাওয়ার পরিবর্তন। এক ধাক্কাতেই উধাও শীত। পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ, মঙ্গলবার থেকে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

পূবালী হাওয়ার জেরে রাজ্যে বাড়ল তাপমাত্রা। আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩২ থেকে ৯২ শতাংশ। শীতের আমেজ থাকলেও, জাঁকিয়ে শীত পড়ার কোনও আশা দিল না হাওয়া অফিস।

ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

পরপর তিনটি পশ্চিমী ঝঞ্ঝার রেশ রয়েছে বঙ্গে। আগামী ৩ ফেব্রুয়ারি একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে বাংলায়। আবার বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে একটি উচ্চচাপ বলয়। ফলে সাগর থেকে বঙ্গে ঢুকবে জলীয় বাষ্প। এর জেরে তাপমাত্রা যেমন বাড়বে, তেমনই আবার শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাসও দিল হাওয়া অফিস। এই বৃষ্টির জেরে সবজি চাষে ফের ক্ষতি হতে পারে। ফলে চিন্তার ভাঁজ কৃষকদের কপালে

কবে কোথায় হবে বৃষ্টি?

  • আজ, মঙ্গলবার পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হতে পারে।
  • আগামীকাল, বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
  • বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই।
  • শুক্রবার দু-এক জেলায় দু’ এক পশলা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এদিন বৃষ্টি হতে পারে।
  • শনিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। তবে বৃষ্টির জেরে তাপমাত্রা খুব একটা কমবে না।  

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

হাওয়া অফিস জানাচ্ছে, আজ, মঙ্গলবার থেকে বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আগামীকাল, বুধবার থেকে শুক্রবারের মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে। উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতও হতে পারে। আজ, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানা আবহাওয়া দফতর। এদিকে ফেব্রুয়ারির শুরুতেই সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়বে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles