কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে ৩০ ঘণ্টার ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই ধর্না মঞ্চেই ঘটল এক বড় চমক। সেখানেই তৃণমূলে যোগ দিলেন তরুণ কুমারের (Tarun Kumar) নাতি তথা অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায় (Sourav Chatterjee)। এদিন সৌরভের তৃণমূলে (TMC) যোগ দেওয়ার পর মমতা জানান যে উত্তম কুমারের পরিবারের সঙ্গে তাদের অনেকদিনে সম্পর্ক। ঘাসফুল শিবিরে যোগ দিয়ে দলনেত্রীকে প্রণাম জানান সৌরভ।

আজ, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ রেড রোডে ধর্না মঞ্চে পৌঁছে যান তরুণ কুমারের নাতি সৌরভ চট্টোপাধ্যায়। সেই সময় মঞ্চে ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য ও আরও অনেকে। সকলের সামনেই এদিন তৃণমূলে যোগ দিলেন সৌরভ।
এদিন সৌরভ তৃণমূলে যোগ দেওয়ার পর উত্তম কুমারের পরিবারের সঙ্গে তাদের পুরনো সম্পর্কের কথা বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “তরুণ কুমার আমার বাবার বন্ধু ছিলেন। উত্তম কুমারের পরিবারের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। এই পরিবার বাংলার সম্মানীয় পরিবার”।
এর পাশাপাশি উত্তম কুমারের মরদেহ রবীন্দ্রসদনে রাখতে না পারার প্রসঙ্গও তুললেন মমতা। তিনি বলেন, “উত্তম কুমারের মরদেহ রবীন্দ্রসদনে রাখতে দেওয়া হয়নি। এগুলো মানবিকতা নয়, সংস্কৃতি নয়। আমরা সম্পর্কগুলো বজায় রাখি। এগুলোই আমাদের সম্পদ”।
এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর তৃণমূল নেত্রীকে প্রণাম জানালেন সৌরভ। তিনি বলেন, “ওনাকে ধন্যবাদ জানানোর দৃষ্টতা আমার নেই। উনি দলে আমাকে স্থান দিলেই তাই ওনাকে প্রণাম”।
কিন্তু হঠাৎ তৃণমূলে যোগ দিলেন কেন সৌরভ? অভিনেতার জবাব, “মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে দেখেছেন, যেভাবে বাংলার কথা ভেবেছেন, যা অন্য কারও পক্ষে সম্ভব নয়”।





