সেলুলয়েডের পর্দায় এই জাতীয় হুমকি তিনি বেশ ভালো রকম ভাবেই দিয়ে থাকেন বিভিন্ন সময়ে। কিন্তু সেই হুমকি এবার বাস্তব জীবনে নিজে পেয়ে বেজায় চাপে টলিউড অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়।
তিনি পদ্ম শিবিরে যোগ দিয়েছেন প্রায় বছর দুই আগে। হালফিলে কইয়ের ঝাঁকের মধ্যে তিনি নেই। কিন্তু এবার চলতি বিধানসভা নির্বাচনের মধ্যেই হুমকির মুখে পড়েছেন এই অভিনেতা। আর যার জেরে রাতের ঘুম উড়েছে পরিবারের। গোটা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনিন্দ্যর স্ত্রী।
আরও পড়ুন- মায়ের মুখে নিজের নাম শুনে কী করল ইউভান, ভাইরাল সেই মিষ্টি ভিডিও
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত অনিন্দ্যর স্ত্রী পম্পা বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্ট ঘিরে। সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। সেখানেই কমেন্টে অনিন্দ্যকে তীব্র আক্রমণ করা হয়। অভিনেতাকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এমনকী অনিন্দ্যর বোনের কাছে হুমকি ফোনও এসেছে। বলা হয়, “দাদাকে চুপ করতে বলো। বড্ড বেশি কথা বলছে। এরপর কিন্তু আর কথা বলার অবস্থায় থাকবে না।” এমন হুমকি পেয়ে নাকি অসুস্থ হয়ে পড়েন তিনি। বিরোধী পক্ষই এধরনের কাণ্ড করছে বলে দাবি পরিবারের সদস্যদের।
এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন অনিন্দ্যর স্ত্রী পম্পা বন্দ্যোপাধ্যায়। নিজের পোস্টেই আক্রমণকারীদের পাল্টা জবাব দিয়ে তিনি জানিয়েছেন রাজনীতির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তা সত্ত্বেও তাঁর পোস্টে এভাবে স্বামীকে হুমকি দেওয়ার বিষয়টি সহ্য করতে পারেননি তিনি। তবে ক্রমাগত হুমকিতে বেশ উদ্বিগ্ন পরিবার। এই ঘটনায় থানায় জেনারেল ডায়েরি করতে গেলেও তা নেওয়া হয়নি বলে খবর। ফলে চিন্তায় দিন কাটছে তাঁদের।
জানা গেছে, গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর থেকে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে অনেকটাই কোণঠাসা অনিন্দ্যপুলক। তাতে অবশ্য তাঁকে দমানো যায়নি। জনসমক্ষে নিজের মতামত নির্ভয়েই দিতে পছন্দ করেন তিনি। তবে ভোটের মরশুমে এধরনের হুমকি চিন্তাতেই ফেলেছে পরিবারকে।





