আজ, মঙ্গলবার রেড রোডে রয়েছে রাজ্য সরকার আয়োজিত দুর্গাপুজোর কার্নিভাল। গোটা দুর্গাপুজোতে আর জি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা দ্রোহের উৎসব পালন করেছেন। আজ, মঙ্গলবারও রয়েছে তাদের দ্রোহের কার্নিভাল। এবার সরকারের পুজোর কার্নিভাল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শানালেন অভিনেত্রী তথা পরিচালক মানসী সিনহা।
রেড রোডে পুজোর কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে। কলকাতা ও শহরতলির ১০০টিরও বেশি পুজো কমিটি এবার যোগ দিয়েছে এই কার্নিভালে। ২৮ হাজার আমন্ত্রণপত্র বিলি হয়েছে। জানা গিয়েছে, অন্যান্য বছরের তুলনায় এই বছর আরও বেশি বিদেশী অতিথি আসবেন এই কার্নিভালে। উৎসবমুখর চারিদিক। ডোনা গঙ্গোপাধ্যায় নৃত্য পরিবেশন করবেন এদিনের কার্নিভালে।
অন্যদিকে, আর জি করের ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন এখনও অব্যাহত। ইতিমধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন চিকিৎসক। সেখানে রাজ্য সরকারের এমন কার্নিভালে মেতে ওঠার প্রস্তুতি বেশ দৃষ্টিকটু লাগছে বৈ কী! এই নিয়েই অভিনেতা দেবনাথ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, “মেয়েটির প্রতি সমবেদনা, সম্মান জানিয়েও কী কার্নিভালটা এবারে বন্ধ করা যেত না”?
তাঁর এই পোস্টেই কমেন্ট করে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেত্রী মানসী সিনহা। তিনি বামমনস্ক বলেই পরিচিত। এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রীর নানান কাজের সমালোচনা করেছেন তিনি। এবার এই কার্নিভাল নিয়ে তিনি কমেন্ট বক্সে লিখলেন, “উনি কার্নিভালে মঞ্চতেও মাইক হাতে নাচবেন… মিলিয়ে নিও! অবশ্য়ি… তার আগে একটা নীরবতা পালনও হতে পারে”! অভিনেত্রী তপতী মুন্সীও বলেন, “একমাস হয়ে গেছে। এবার উৎসবে ফিরুন…. এই মানসিকতা যার সে কার্নিভাল বন্ধ করবে”? কেউ কেউ আবার বলেন, “UNESCO-কে ছবি পাঠাতে হয় গো, সবারই দায় আছে, ক্ষমা করে দাও”।

একদিকে যখন চলছে পুজোর কার্নিভালের প্রস্তুতি, সেদিনই আবার অন্যদিকে চলছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের দ্রোহের কার্নিভালের প্রস্তুতিও। আজ, মঙ্গলবারই রানি রাসমনি রোডে রয়েছে জুনিয়র চিকিৎসকদের দ্রোহের কার্নিভাল। যদিও এই কার্নিভালে অনুমতি দেয়নি পুলিশ। জারি করা হয়েছে ১৬৩ ধারা। দ্রোহের কার্নিভালের পরিণতি কী হতে চলেছে, এখন সেটাই দেখার!





