লোকসভা নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যেই এখন প্রস্তুতি তুঙ্গে। তৃণমূল হোক বা বিজেপি, সকলেই নিজেদের মতো করে ময়দানে নেমেছে। এমন আবহে এবার হঠাৎই দিদির দুয়ারে দিদি নম্বর ১। আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে গেলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে।
এর আগে অভিনয় জগতের একাধিক তারকাকে দেখা গিয়েছে রাজনীতির ময়দানে। লোকসভা হোক বা বিধানসভা, নানান ভোটের আগে নানান অভিনেতা-অভিনেত্রী যোগ দিয়েছেন নিজেদের পছন্দের রাজনৈতিক দলে। দলের টিকিটে ভোটেও দাঁড়িয়েছেন তারা।
এবার সামনে লোকসভা ভোট। ফলে ফের একবার রাজনীতির ময়দানে যোগদানের ঢেউ এসেছে। এর আগে নুসরত জাহান বা মিমি চক্রবর্তীকে যেমন দেখা গিয়েছে লোকসভা ভোটে দাঁড়াতে, তেমনই আবার কৌশানি মুখোপাধ্যায় বা জুন মালিয়ার মতো অভিনেত্রীদের দেখা গিয়েছে বিধানসভা নির্বাচনে লড়তে। আবার অনেক তারকাকেই সাংগঠনিক পদের দায়িত্বও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন সায়নী ঘোষ বর্তমানে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী।
তৃণমূলে যোগ দিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়?
রচনা বন্দ্যোপাধ্যায়কে সেভাবে এখনও পর্যন্ত রাজনীতির ময়দানে দেখা যায়নি। তবে লোকসভা নির্বাচনের ঠিক আগে আগেই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা করা নিয়ে এই মুহূর্তে তেমনই জল্পনা তৈরি হয়েছে। তৃণমূলের কাছে মহিলা ভোটার ব্যাঙ্ক একটা বড় ফ্যাক্টর। ফলে দিদি ও দিদি নম্বর ১-এর এই সাক্ষাৎ নিয়ে শুরু হয়েছে চর্চা।
রচনা বন্দ্যোপাধ্যায় যে কতটা জনপ্রিয় মুখ, তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। ফলে তিনি যদি এই মুহূর্তে তৃণমূলে যোগ দেন, তাহলে তা ঘাসফুল শিবিরের কাছে বড় প্রাপ্তি। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কোনও রাজনৈতিক কারণ নয়। বরং নিতান্তই ব্যক্তিগত কারণেই রচনা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। ব্যক্তিগত স্তরেই তাদের কথাবার্তা হয়েছে বলে জানা গিয়েছে।





