২১শে রোমাঞ্চকর বাংলা বিধানসভা নির্বাচন। এতদিন পর্যন্ত কংগ্রেসের প্রদেশ অধ্যক্ষ অধীর চৌধুরী নিয়মিত অভিযোগ করতেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে পদ্মের যোগ রয়েছে। আর এবার খোদ তাঁর গড়েই তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছে বিজেপির সঙ্গে যোগসাজশের। আর এতেই উত্তাপ ছড়িয়েছে মুর্শিদাবাদের রাজনীতিতে।
কারণ কংগ্রেসের হাত প্রতীকের সঙ্গে বিজেপির পদ্মফুল দেওয়া গোটা ৫০ ছাপানো পোস্টারে ছেয়ে গিয়েছে ডোমকলের এলাকা। ওই পোস্টারে ছন্দ মিলিয়ে লেখা হয়েছে , ‘খবর এটাই তলে তলে, অধীর এখন পদ্মের দলে।’
আর জেলা জুড়ে এই পোস্টার পড়তেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার বাম–কংগ্রেস ভোট যাচ্ছে পদ্মের ঘরে?
মুর্শিদাবাদের রাজনীতিতে ‘অধীর’ যে একজনই তার পদবীতে উল্লেখ না থাকলেও বুঝতে অসুবিধা হচ্ছে না আমজনতার।
স্থানীয় সূত্রে খবর, বিভিন্ন দেওয়ালে প্রায় ৪০ থেকে ৫০টি পোস্টার মারা হয়েছে বলে অভিযোগ। এই পোস্টার দেখে স্থানীয়রা খবর দেন কংগ্রেস নেতৃত্বকে। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে হাত মিলিয়ে পোস্টারগুলি ছিঁড়ে ফেলেন কংগ্রেস নেতারা। ডোমকল থানায় লিখিত অভিযোগ করেন তাঁরা। এই বিষয়ে এলাকার কংগ্রেস নেতা আব্দুস সালাম বলেন, ‘আমি খবর পেয়ে ছুটে গিয়ে দেখি, বিভিন্ন বাজার এলাকায় একাধিক পোস্টার মারা হয়েছে। আমাদের দলনেতার নামে ছড়া কেটে পোস্টার দেওয়া হয়েছে। তৃণমূলের নেতারা মানুষকে ভুল বোঝানোর জন্য এই কাজ করেছে।’
এই ঘটনায় ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ডোমকল ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে। বিধানসভা নির্বাচনের আগে বাম–ডান জোট, দল পরিবর্তন সহ নানা জল্পনা মাঝেই এই পোস্টারে সরগরম এলাকা।
এই বিষয়ে নিজের বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জেলা সভাপতি গৌরীশংকর ঘোষ বলেন, ‘বিজেপিকে ভয় পেয়ে শাসক তৃণমূল কংগ্রেস এই নোংরা খেলায় মেতেছে। বিজেপি আসছে জেনেই এই কাজ করেছে।’





