আগামী নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেই দিয়েছেন যে নির্বাচনে ২০০-এর বেশি আসন নিয়ে জিতে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। ইতিমধ্যেই সেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বাংলা জয়ের লক্ষ্যে একাধিক পদক্ষেপ করতে শুরু করেছে বিজেপি। এদিকে একে একে নানান তৃণমূল নেতা-বিধায়ক দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত কিছুটা খোঁচা দিয়েই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
বিজেপিকে আটকাতে বেশ উঠেপড়ে লেগেছে শাসকদল। এই কারণে নানান ধর্মনিরপেক্ষ দলগুলিকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণেই তাঁকে উদ্দেশ্য করে এই কথা বলেন অধীর রঞ্জন চৌধুরী।
আজ, শুক্রবার বারসাতের আদালত চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীরবাবু বলেন, “তৃণমূল আগে নিজেকে দেখুক। পশ্চিমবঙ্গে যারা সাম্প্রদায়িক দলকে আমদানি করেছে, তারা আগে নিজেদের দেখুক। আমরা বরাবরই ধর্মনিরপেক্ষ। এই দলকে নিয়েই আমরা লড়তে চাই। আমরা তৃণমূলের মতো নই যে আহ ধর্মনিরপেক্ষ, কাল নিরপেক্ষ, তারপর দিন স্বৈরাচারী”।
অধীরবাবুর সাফ বক্তব্য, কংগ্রেস ছেড়ে তৃণমূলের জন্ম হয়। তাই তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে ফিরে আসাটাই মমতার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ছোটো বড় নেতাদের দিয়ে কিছু না বলিয়ে ওঁর উচিত নিজেই দিল্লি গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করা। অধীর রঞ্জন চৌধুরীর মতে, তারা এই রাজ্যে তৃণমূল ও বিজেপি, উভয়েরই বিরোধী। তাঁর দাবী, তৃণমূল দলটা বানের জলের মতো ভেঙে যাচ্ছে, তাই মমতা বুঝতে পারছেন না, কাকে দিয়ে আদৌ দলটা বাঁচাবেন। এই কারণেই তিনি বলেন যে মমতার উচিত তৃণমূল ভেঙে কংগ্রেসে যোগ দেওয়া।





