আর জি করের ঘটনায় উত্তপ্ত সারা বাংলা-সহ গোটা দেশও। সকলে প্রতিবাদ করছেন এই ঘটনার। রাজ্যের নানান প্রান্তে চলছে বিক্ষোভ, আন্দোলন। নারীরা পথে নেমে আন্দোলন করছেন। এই ঘটনার প্রতিবাদে রাজ্যের নানান সরকারি হাসপাতালে বন্ধ পরিষেবা। জরুরি পরিষেবা চালু। এরই মধ্যে ঘটল এক ঘটনা। আর জি কাণ্ডে প্রতিবাদ করা শতাধিক মহিলা স্বাস্থ্য কর্মীকে সরিয়ে দিল স্বাস্থ্য দফতর।
আজ, ১৭ আগস্ট গোটা দেশে কার্যত বন্ধ চিকিৎসা পরিষেবা। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে আজ ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। মিলবে না পরিষেবা। গোটা দেশ যখন এই ঘটনার প্রতিবাদ করছে, সেই সময় দাঁড়িয়ে শতাধিক মহিলা স্বাস্থ্য কর্মীর বদলির নির্দেশ দিল রাজ্য সরকার।
চিকিৎসকদের পর এবার বদলি মহিলা স্বাস্থ্য কর্মীরাও
স্বাস্থ্য দফতরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের নানান হাসপাতালের ১৯০ জন মহিলা স্বাস্থ্য কর্মীকে রাজ্যের অন্যান্য হাসপাতালে বদলি করা হয়েছে। শুধু তাই নয়, আর জি করে যেদিন রাতে হামলা চলে, সেই ঘটনার প্রতিবাদে যে নার্সরা প্রতিবাদ করেছিলেন, তাদের আবার বদলির হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য দফতর, এমনটাই খবর।
এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে ডক্টরস ফ্রন্ট অ্যাসোসিয়েশনের তরফে। তাদের দাবী, আর জি করের তরুণী চিকিৎসকের জন্য যারা প্রতিবাদ গড়ে তুলেছিলেন, তাদের মধ্যেই ১৯০ মহিলা স্বাস্থ্য কর্মীকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশনের দাবী, এভাবে তাদের আন্দোলনকে থামানো যাবে না। এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংবাদ সংস্থা পিটিআই-কে ট্যাগও করা হয়েছে।
অন্যদিকে, আর জি করের নার্সদের স্বাস্থ্য ভবনের তরফে বদলির হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় আন্দোলনকারী বলেন, “আমরা যখন এখানে আন্দোলন করছিলাম তখন স্বাস্থ্য ভবন থেকে লাইভ করা হয়েছিল। সেখান থেকে বলছে যাঁরা যাঁরা অন ডিউটি থাকাকালীন এখানে আন্দোলনে বসছে তাঁদের ট্রান্সফার করে দেওয়া হবে। কিন্তু, আমাদের তো অন ডিউটি থাকাকালীন রেপের থ্রেটটা দেওয়া হয়েছিল। সেটা তো কাম্য ছিল না। তারপরেও থ্রেট কেন এল”?
বলে রাখি, গত ১৪ আগস্ট মধ্যরাতে রাত দখলের কর্মসূচির মধ্যেই হামলা হয় আর জি করে। নার্স স্টেশন ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। সেই ঘটনায় বেশ আতঙ্কে ছিলেন নার্সরা। তাদের নিরাপত্তার দায়িত্ব কার? এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তারা। সেই আন্দোলনে কারা কারা রয়েছেন, সেই ভিডিও চেয়ে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। সেই ঘটনায় বেজায় ক্ষুব্ধ নার্সরা।





