শেষ মুহূর্তের টুইস্ট ‘কেষ্টর’! ফের সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত, নিজাম প্যালেসের বদলে গেলেন এসএসকেএমে

আরও একবার সিবিআই হাজিরা এড়িয়ে গেলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আজ, বুধবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এদিন নিজাম প্যালেসের বদলে তাঁর গাড়ি ঢুকল এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে।

অনুব্রত এবারও সিবিআই দফতরে হাজিরা দেবেন কী না, তা নিয়ে ধোঁয়াশা তো ছিলই। তবে গতকাল, মঙ্গলবার রাতে কলকাতার উদ্দেশে বীরভূম থেকে রওনা দেন তিনি। মনে করা হচ্ছিল যে এবার হয়ত সিবিআইয়ের কাছে হাজিরা দেবেন অনুব্রত। এই কারণে বুধবার সকাল থেকেই বেশ তোড়জোড় চলছিল নিজাম প্যালেসে। ছিল চাপা গুঞ্জন ও উত্তেজনাও।

কিন্তু শেষ মুহূর্তে কাহিনীতে টুইস্ট আনলেন কেষ্ট। নিজাম প্যালেসে যাওয়ার বদলে তৃণমূল নেতার গাড়ি ঘুরে গেল এসএসকেএমের দিকে। তাঁর গাড়ি দেখেই এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের সামনে সাংবাদিকদের হুড়োহুড়ি পড়ে যায়। জানা গিয়েছে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন তিনি।

এর আগেও এভাবে একাধিকবার সিবিআই হাজিরা এড়িয়েছেন অনুব্রত। বারবার সিবিআই তাঁকে তলব করা সত্ত্বেও তিনি চলে গিয়েছেন হাসপাতালে। আর এবারও তেমনটাই ঘটল।

এর আগে তিনবার সিবিআই হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। কখনও ভোটের ব্যস্ততা তো কখনও আবার শারীরিক অসুস্থতার কথা বলে সিবিআই দফতরে হাজিরা দেন নি তিনি। সিবিআইয়ের হাজিরা এড়াতে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের জন্য আবেদনও জানিয়েছিলেন অনুব্রত। কিন্তু তাঁর সেই আবেদন খারিজ করে দেয় আদালত। শেষ পাওয়া খবর অনুযায়ী, সিবিআই আর কিছুক্ষণ অপেক্ষা করবে। প্রয়োজনে এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারেন সিবিআই আধিকারিকরা।

RELATED Articles