শুভেন্দুকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশের তরফে, কিন্তু রাতারাতি প্রত্যাহার করা হল সেই নির্দেশ

গতকাল, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের দুর্গাচক থানার পুলিশ শুভেন্দু অধিকারীকে হাজিরার নির্দেশ দেন। কিন্তু, আজ, বুধবার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই নির্দেশ প্রত্যাহার করে নিল পুলিশ। গতকাল, কাঁথি থানার মারফত দুর্গাচক থানার তরফে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে। তবে শুভেন্দুর কাছে আগে থেকেই হাইকোর্টের রক্ষাকবচ রয়েছে, এই কারণে আজ সেই হাজিরার নোটিশ প্রত্যাহার করে নেওয়া হল।

শুভেন্দু অধিকারীর আইনজীবী জেলা পুলিশ সুপার এবং দুর্গাচক থানাকে জানিয়েছেন যে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছে। হাইকোর্টের তরফে এও বলা হয়েছে যে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তাঁর সময় অনুযায়ী জিজ্ঞাসাবাদ করতে হবে এ ভাবে নির্দেশ জারি করা যাবে না।

এরপরই হাজিরার নির্দেশ প্রত্যাহার করা হয় দুর্গাচক থানার তরফে। গত ১৬ই মার্চ দুর্গাচকে একটি মিছিল ছিল। সেখানেই করোনা বিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল।

সূত্রের খবর, গত ১৬ই মার্চ হলদিয়ায় বিজেপি কর্মী-সমর্থকরা অভিনন্দন যাত্রা নামে এক কর্মসূচির আয়োজন করেছিলেন। এই অভিনন্দন যাত্রায় যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় রাজ্যে করোনা বিধি জারি ছিল। এখান থেকেই অভিযোগের সূত্রপাত। অভিযোগ, করোনা বিধি লঙ্ঘন করে অনেক সংখ্যক মানুষ নিয়ে জমায়েত হয়েছেন শুভেন্দু অধিকারী।

এর পাশাপাশি এমনও অভিযোগ উঠেছিল যে ওই অনুষ্ঠান করার জন্য সেই এলাকার থানা থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। এই কারণে শুভেন্দু অধিকারী ও তাপসী মণ্ডলের নামে মামলা রুজু করা হয়।

এরপর দুর্গাচক থানায় হাজিরা দিতে বলা হয় শুভেন্দু অধিকারীকে। তবে গতকাল, মঙ্গলবার শুভেন্দুর আইনজীবী পাল্টা দুর্গাচক থানার পুলিশকে চিঠি লিখে জানতে চান যে শুভেন্দুর কাছে হাইকোর্টের রক্ষাকবচ থাকা সত্ত্বেও কীভাবে তাঁকে সমন পাঠানো হল? আর এরপরই প্রত্যাহার করে নেওয়া হয় সেই হাজিরার নির্দেশ।

RELATED Articles