সাগর দত্ত হাসপাতালের ঘটনার পুনরাবৃত্তি, ফের রাজ্যের এক সরকারি হাসপাতালে হুমকি-শাসানি জুনিয়র চিকিৎসকদের, হামলা মদ্যপ রোগীর

ঘটনার পুনরাবৃত্তি! ফের শহরের এক সরকারি হাসপাতালে আক্রান্ত জুনিয়র চিকিৎসকরা। আর জি কর কাণ্ড নিয়ে যখন আন্দোলন চলছে, এরই মাঝে বারবার জুনিয়র চিকিৎসকদের উপর হামলা, তাদের হুমকি দেওয়ার ঘটনা উঠে আসছে। মদ্যপ রোগী ও পরিবারের লোকজন হুমকি দিয়েছে ন জুনিয়র চিকিৎসকদের, এমনটাই অভিযোগ।

ঘটনাটি ঘটেছে কলকাতা ন্যাশানাল মেডিক্যাল কলেজে। জানা গিয়েছে, গতকাল, রবিবার রাতে এক রোগী হাতে গভীর ক্ষত নিয়ে যান হাসপাতালে। সঙ্গে ছিলেন পরিবারের লোকজন। জরুরি বিভাগে দেখান তিনি। সেখানকার চিকিৎসকরা পরামর্শ দেন যে তাঁর হাতের ক্ষত গভীর হওয়ায় অস্ত্রোপচার করতে হবে।

কিন্তু রোগী দাবী করেন, তিনি অস্ত্রোপচার করাবেন না। ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেওয়ার কথা বলেন তিনি। তবে জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট জানান, তা সম্ভব নয়। এই নিয়েই সার্জারি এমারজেন্সি রুমের সামনে দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। রোগী ও তাঁর পরিবারের লোকজন জুনিয়র চিকিৎসকদের হুমকি দেন বলে অভিযোগ। তাদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ।

জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, পুলিশকে ডাকা হয়। কিন্তু পুলিশ অনেক পরে আসে। আর এলেও পুলিশ কার্যত নিষ্ক্রিয়ই ছিল বলে অভিযোগ। বেনিয়াপুকুর থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। এই ঘটনায় ফের একবার জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন।

FIR copy of police station

আরও পড়ুনঃ সিসিটিভি ফুটেজ নষ্ট, রক্তের নমুনা বদল, এক ঘরে অত্যাচার, অন্য ঘরে দেহ, সুপ্রিম কোর্টে শুনানির আগেই আর জি কর কাণ্ডের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে  

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে সাগর দত্ত হাসপাতালে এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মারধর করা হয়। এরপর থেকেই ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতির ঘোষণা করেন। এরপর স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। জুনিয়র চিকিৎসকরা ঘোষণা করেছেন, সোমবার বিকেলের মধ্যে যদি সরকারের তরফে হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত না করা হয়, তাহলে তারা ফের পূর্ণ কর্মবিরতি পালন করবেন। আর সেই ঘটনার আগেই এবার ফের একবার আক্রান্ত হলেন জুনিয়র চিকিৎসকরা। ফলে তাদের নিরাপত্তা নিয়ে উঠল ফের প্রশ্ন।

RELATED Articles