পুজো দোরগোড়ায়। একদিন বাদেই মহালয়া। আবহাওয়া দফতরের তরফে আগে পূর্বাভাস মিলেছিল যে পুজোর সময় বৃষ্টি হবে। অক্টোবরের প্রথম থেকেই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। তাহলে কী মহালয়াতেও ভিজবে বঙ্গের মাটি? কী জানাচ্ছেন আবহাওয়া দফতর?
জানা গিয়েছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও দক্ষিণ গুজরাতে। দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, অক্টোবরের মাঝামাঝি সময় করে বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। তবে হাওয়া অফিসের তরফে খবর, এই মুহূর্তে বাংলায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ার দিন দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এরপর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই এই মুহূর্তে। সারা সপ্তাহেই আকাশ আংশিক মেঘলা থাকবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি থাকবে সামান্য। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি।
আজ, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি। গতকাল, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি।





