খড়দহের পর এবার হৃদয়পুর স্টেশন। শিয়ালদহ-বনগাঁ শাখার এই স্টেশনে এবার দেখা গেল মাওবাদী পোস্টার। গতকাল, শুক্রবার হৃদয়পুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে বন্ধ দোকানের গায়ে দেখা গেল এই পোস্টারগুলি।
সেই পোস্টারগুলিতে লেখা ছিল, ‘বাইশে এপ্রিল কমরেড লেলিনের নামে আমাদের শপথ, ‘ফ্যাসিবাদকে গুঁড়িয়ে দাও, শ্রমিক-কৃষক রাজ বানাও’, ‘ঘরে-ঘরে বেকার, বাজারে আগুন। ইভিএম ছুঁড়ে ফেলে এবারে জাগুন’, ‘সরকার বদল পন্ডশ্রম, বিপ্লবী রায় ওদের যম’। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও জানা যায়নি। তবে স্টেশন চত্বরে এই পোস্টারগুলি চোখে পড়তেই তা নিয়ে লোকজনের মধ্যে শুরু হয় গুঞ্জন। রেল পুলিশ এসে পরে এই পোস্টারগুলি ছিঁড়ে দেয় বলে জানা গিয়েছে।
বলে রাখি, গত ২০০৮ সালে এই হৃদয়পুর স্টেশন চত্বর থেকেই মাওবাদী নেতা সৌমেনকে গ্রেফতার করেছিল সিআইডি। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা এলাকা। এদিন হৃদয়পুর স্টেশনে মাওবাদী পোস্টারে যেন এলাকাবাসীর মধ্যে পুরনো স্মৃতি উসকে দিল। এই নিয়ে একাধিক প্রশ্নও উঠেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কিছুদিন আগেই খড়দহ স্টেশনেও এই একইভাবে দেখা গিয়েছিল মাওবাদী পোস্টার। স্টেশনের এক ও চার নম্বর প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল পোস্টারগুলি। মুখ্যমন্ত্রীর ছবিও নাকি বিকৃত করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।
সেই সময় তৃণমূল দাবী করেছিল যে খড়দহে ওভারব্রিজ তৈরি হচ্ছে বলেই তোলাবাজদের অসুবিধা হচ্ছে। আর এবার হৃদয়পুর স্টেশনে মাওবাদী পোস্টারের জেরে নতুন করে চাঞ্চল্য ছড়াল।





