শেষবেলায় এসে যেন নতুন ইনিংস শুরু করল শীত। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির ঘরে। উত্তুরে হাওয়ার দাপটের জেরে আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের থকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে শহরে।
জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই কার্যত কলকাতা-সহ রাজ্যে যেন গায়েব হয়ে গিয়েছিল হাড়হিম ঠান্ডার আমেজ। গত বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২০ ডিগ্রির কাছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
তবে একদিনের মধ্যেই আচমকাই এক ধাক্কায় নামল পারদ। ৩ ডিগ্রি কমে যায় তাপমাত্রা। গতকাল, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ, শুক্রবার আরও কমল তাপমাত্রা।
ফেব্রুয়ারি মানেই শীতের বিদায় নেওয়ার পালা শুরু। কিন্তু এই শেষবেলাতেই যেন ঘুরে দাঁড়াচ্ছে শীত। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। এরপর আর সেভাবে তাপমাত্রার হেরফের হবে না। এটাই বিদায়ের আগে শীতের শেষ ইনিংস, এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
আজ, শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ রয়েছে কলকাতায়। উত্তুরে হাওয়াও বইছে এর সঙ্গে। জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা নামতে পারে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে কোথাও কোথাও আবার কুয়াশা দেখা যেতে পারে বলেও জানা যাচ্ছে।






