চৈত্র মাস পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে ভ্যাপসা গরম। রাস্তায় বেরোলে এখনই মাথার চাঁদি ফাটার জোগাড়। হাঁসফাঁস গরমে অস্থির বঙ্গবাসী। এরই মধ্যে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই শুক্রবার থেকে ফের ভিজবে বঙ্গের মাটি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আহামিকাল, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা থাকবে। উপকূলের জেলাগুলি অর্থাৎ দুই মেদিনীপুর, হাওড়া, দুই ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত চলবে দুর্যোগ।
আজ, বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪০ থেকে ৯০ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে আগামীকাল থেকে ফের বাড়বে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। আজ, বুধবার মালদহ-সহ দুই দিনাজপুরের নিচের দিকের জেলায় শুষ্ক আবহাওয়া জারি থাকবে।
শুক্রবার ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। বিহার থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা অবস্থান করছে বলে জানা গিয়েছে। সেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। মধ্যপ্রদেশের উপরও রয়েছে একটি ঘূর্ণাবর্ত।





