ফের বীরভূম থেকে উদ্ধার বিপুল সংখ্যক বোমা, পঞ্চায়েত নির্বাচনের আগে চরম আতঙ্ক অনুব্রতর গড়ে

ফের বীরভূম থেকে উদ্ধার বিপুল সংখ্যক বোমা। বোমা বিস্ফোরণের জেরে দুই তৃণমূল কর্মীর মৃত্যুর পর থেকেই জেলা পুলিশ বেশ সতর্ক হয়েছে। জেলাজুড়ে চলছে জোর তল্লাশি। গতকাল, শনিবার রাতে তল্লাশি চালাতে গিয়ে সদাইপুর থানার পাঁচ এলাকা থেকে প্রায় ৮০টি বোমা উদ্ধার করে টহলদারি পুলিশ। তবে কে বা কারা ওই বোমা মজুত করেছিল, তা এখনও জানা যায়নি।

মাড়গ্রামে বোমা বিস্ফোরণের জেরে দুই তৃণমূল কর্মীকে খুন হওয়ার পর থেকেই জেলাজুড়ে পুলিশি টহলদারি, তল্লাশি চলছে। সেই সূত্র ধরেই দু’দিন আগে লালমোহনপুর এলাকায় উদ্ধার হয় কন্টেনার বোমা। এরপর তল্লাশি আরও জোরদার হয়।

গতকাল, শনিবার রাতে ডিএসপি অয়ন সাধুর নেতৃত্বে লালমোহনপুর এলাকায় ফের তল্লাশি চলে। আর সেখানেই ড্রামে ভর্তি বিপুল বোমা উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, সদাইপুর থানার তুরুকবরিহাট, মানিকপুর-সহ পাঁচ জায়গা থেকে বোমা ভর্তি ড্রাম উদ্ধার হয়েছে। পুলিশের দাবী, ড্রামগুলিতে ৮০-টির বেশি বোমা থাকতে পারে। সমস্ত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানা গিয়েছে।

ওই গ্রামের একটি কলাবাগানের ঝোপ থেকে দু’দিন আগেই উদ্ধার হয়েছিল কন্টেনার বোমা। পুলিশি টহলদারির মাধ্যমে উদ্ধার হয় ওই বোমা। ভাস্কর মুখোপাধ্যায় জেলা পুলিশের দায়িত্ব নেওয়ার পর থেকেই তল্লাশি ও টহলদারির উপর জোর দিয়েছেন।

আর তার ফলও মিলল একেবারে হাতেনাতেই। তবে কে বা কারা কী উদ্দেশ্যে ওই বোমা মজুত করে রেখেছিল, তা এখন পর্যন্ত জানা যায়নি। এই কারণে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

RELATED Articles