দলের অন্তর্দ্বন্দ্বই আসানসোলে বিজেপির হারের প্রধান কারণ, দিল্লিতে চাঞ্চল্যকর রিপোর্ট পাঠাচ্ছেন অগ্নিমিত্রা পাল

এই প্রথমবার আসানসোল লোকসভা কেন্দ্র হাতছাড়া হয়েছে বিজেপির। উপনির্বাচনে জামানত জব্দ হয়েছে গেরুয়া শিবির। বড় ব্যবধানে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে জিত হাসিল করেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। হেরে গিয়েছেন অগ্নিমিত্রা পাল।

কিন্তু কেন এই হার হল, এই নিয়ে প্রশ্ন তুলে রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে কৈফিয়ত চেয়েছিলেন অমিত শাহ, জে পি নাড্ডারা। বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে তলব করা হয় দিল্লিতে। এবার এই হারের নেপথ্যে কারণ হিসেবে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এল। আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের দাবী, দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই আসানসোল উপনির্বাচনে হারের মুখ দেখেছে বিজেপি।

সূত্রের খবর অনুযায়ী, অগ্নিমিত্রা পালের কথায়, দলের শীর্ষ নেতৃত্বের একাংশই চান নি যে আসানসোলে বিজেপি জিতুক। এই কারণে নানান ক্ষেত্রে অসহযোগিতা করা হয়েছে বলে দাবী করেন তিনি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও তাঁকে অনেক বৈঠকে ডাকা হয়নি বলে অভিযোগ অগ্নিমিত্রার। সূত্রের খবর, এসব অভিযোগ জানিয়েই দলের শীর্ষ নেতৃত্বের কাছে দিল্লিতে রিপোর্ট পাঠাচ্ছেন অগ্নিমিত্রা।

উপনির্বাচনের আগেই রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিল যে দিলীপ ঘোষ-লকেট চট্টোপাধ্যায়রা চান না যে আসানসোল উপনির্বাচনে বিজেপি জিতুক। দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁদের তীব্র মতানৈক্যের প্রভাব যে ভোটযুদ্ধেও পড়বেই, তেমন আশঙ্কাও দলের অন্দরে তৈরি হয়েছিল।

এমনকী গত ১৬ তারিখ উপনির্বাচনের ফলপ্রকাশের পর যখন অগ্নিমিত্রা পাল সাড়ে তিন লক্ষ ভোটের ব্যবধানে শত্রুঘ্ন সিনহার কাছে হারলেন, সেদিনও এই গুঞ্জন শোনা যায়। তবে শীর্ষ নেতৃত্বের কাছে অন্তর্ঘাতের এই রিপোর্ট দল তো বটেই, দলের বাইরেও যে যথেষ্ট আলোড়ন ফেলবে, তা বলাই বাহুল্য।

আসানসোল উপনির্বাচনে হারের পর থেকেই বিজেপির মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। প্রকাশ্যে এসেছে দলের অন্তর্কলহ। নানান বিজেপি নেতারা রাজ্যের শীর্ষ নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন। এমন পরিস্থিতিতে বেশ সমালোচনার মুখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এরপর অগ্নিমিত্রা যদি হারের পিছনের কারণ হিসেবে বিজেপির অন্তর্দ্বন্দ্বের রিপোর্ট কেন্দ্রে পাঠান, তাহলে এই অশান্তি যে চরমে উঠবে, তা বেশ স্পষ্ট।

RELATED Articles