আর কিছুক্ষণের অপেক্ষা, মরশুমের প্রথম কালবৈশাখী পাবে কলকাতাবাসী, গ্রীাষ্মের দাবদাহ থেকে রেহাই দিতে ঝেঁপে নামছে বৃষ্টি

আগামীকাল, বৃহস্পতিবার থেকেই কলকাতায় নামবে ঝড়বৃষ্টি। তবে এর আগে আজ, বুধবার দক্ষিনবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানান জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের একাংশে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভালোই বৃষ্টি হচ্ছিল। উত্তরবঙ্গ থেকে ঝাড়খণ্ডের উপর একটি নিম্নচাপের অক্ষরেখা অবস্থান করছিল বলে ঝড়বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। কিন্তু দক্ষিনবঙ্গে দেখা মেলেনি কালবৈশাখীর। তবে আজ সম্ভবত মরশুমের প্রথম কালবৈশাখীর স্বাদ পেটে চলেছে কলকাতাবাসী। সন্ধ্যের দিকে কলকাতায় হতে পারে কালবৈশাখী। তবে শহরে বৃষ্টি কম হবে। পশ্চিম ও উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

এই মুহূর্তে ঝাড়খণ্ডের উপর একটি নিম্নচাপ রয়েছে। উত্তরবঙ্গ থেকে অসম পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে যার জেরে উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হবে। ২০, ২১ ও ২২ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস। গত পয়লা মার্চ থেকে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে সমস্ত জেলা যে শুষ্ক ছিল, তা আর থাকবে না। যেদিন বৃষ্টি হবে, সেদিন তাপমাত্রা ১ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া জলীয় বাষ্প কলকাতা ও দক্ষিণবঙ্গ হয়ে উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছিল। এই কারণে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারে বৃষ্টি হচ্ছিল। আর এদিকে কাঠফাটা গরমে পুড়ছিল দক্ষিণবঙ্গের মানুষ। তবে বৃষ্টি পাবে কলকাতা ও উপকূল এলাকায়।

আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণবঙ্গের সব জেলা ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সকাল থেকেই অনেক জায়গায় আকাশ মেঘলা, বজ্রগর্ভ মেঘ রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

RELATED Articles