মেঘ কাটলেও এখনই কাটছে না দুর্যোগ, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিতে ভিজবে বঙ্গের একাধিক জেলা, কেমন থাকবে সপ্তাহান্তের আবহাওয়া?

বসন্তের অকাল বৃষ্টিতে এক ধাক্কায় নেমেছে পারদ। বুধবার কখনও হালকা, কখনও ঝোড়ো বৃষ্টি হয়েছে।‌ আজও হালকা মেঘে মুখ ঢেকেছে আকাশের।পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পুবালি হাওয়ার সংঘাতে ভরা বসন্তেও শীতের আমেজ। আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৮.২ ডিগ্রিতে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১. ১ ডিগ্রি, কলকাতায় গত ৫৪ বছরে মার্চের শীতলতম দিন ছিল গতকাল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আজও কুড়ির নীচেই থাকবে পারদ। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২। এর আগে ২০০৩ সালের ১৩ই মার্চ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমেছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াসে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির রেহাই মিললেও, উত্তরবঙ্গে এখনও ভিজছে বৃষ্টিতে। শনিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। শনিবার অবধি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহবিদরা জানাচ্ছেন বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প ডেকে এনেছে কুয়াশা। আজ সকালে কলকাতা-সহ বিভিন্ন জেলায় কুয়াশার দাপট দেখা যায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।

আজ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। উত্তরবঙ্গেও আজ হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। জানা গিয়েছে, উত্তর প্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরেই বাংলা ও ওড়িশায় ঝড়-বৃষ্টি হচ্ছে।

শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

RELATED Articles