ডায়মন্ড হারবারে অভিষেকের বিপক্ষে বিজেপির অস্ত্র নারীশক্তি, সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম তিন হেভিওয়েট নেত্রীর, কে হবে তৃণমূল নেতার প্রতিপক্ষ?

লোকসভা ভোটের দামামা তো বেজেই গিয়েছে। আগামী মাসেই ভোট। সেই অনুযায়ী এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে উত্তেজনা তুঙ্গে। জোরকদমে চলছে ভোট প্রচার। তৃণমূল ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও, বিজেপির তরফে এখনও বাকি প্রার্থী তালিকা আসা। আপাতত ২০টি আসনেই ঘোষণা হয়েছে প্রার্থীদের নাম।

লোকসভা ভোটে বাংলার একটি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র ডায়মন্ড হারবার। সেই আসন থেকে ফের তৃণমূলের হয়ে লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই। এই আসনে বিজেপি প্রার্থী কে হবেন, তা নিয়ে চলছে জোর জল্পনা। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, এই কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে নারীশক্তিকেই হাতিয়ার করতে পারে বিজেপি।    

 জানা যাচ্ছে, এই ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য এখনও পর্যন্ত তিনটি নাম প্রস্তাবিত হয়েছে। এরা হলেন সোনালি গুহ, প্রিয়াঙ্কা টিবরেওয়াল ও অগ্নিমিত্রা পাল। এই তিন নেত্রীর মধ্যেই কেউ একজন প্রতিপক্ষ হতে চলেছে অভিষেকের। ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের প্রভাব অসীম। ফলে তাঁকে টক্কর দিতে কোনও প্রভাবশালী মুখকেই প্রয়োজন।

 বিজেপি সূত্রে খবর, এই তিন মহিলা নেত্রীর মধ্যে ডায়মন্ড হারবার থেকে লড়ার জন্য সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে অগ্নিমিত্রা পালের। জানা গিয়েছে, তাঁকে কেন্দ্রীয় বিজেপি থেকে যোগাযোগও করা হয়েছে এই প্রস্তাব নিয়ে। যদিও তিনি এখনও পর্যন্ত নিশ্চিত কিছু জানান নি। তবে সব ঠিকঠাক থাকলে হয়ত অভিষেকের প্রতিপক্ষ হিসেবে অগ্নিমিত্রা পালকে দেখা যেতে পারে।

ডায়মন্ড হারবারের আসন নিয়ে বেশ চর্চা চলছে। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও এই আসন থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি খোলা চ্যালেঞ্জ দিয়েছেন, ডায়মন্ড হারবার থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। নওশাদের কথায়, তাঁর দল যদি চায়, তাহলে তিনি এই আসন থেকেই লড়বেন লোকসভা নির্বাচনে।

প্রসঙ্গত, বিজেপির বাকি তালিকা নিয়ে চলছে কানাঘুষো। ইতিমধ্যেই তালিকা নিয়ে আলোচনার জন্য দিল্লি গিয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। প্রার্থী তালিকা প্রায় প্রস্তুত হয়েই গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বোর্ডের তরফে সম্মতি মিললেই প্রকাশিত হবে তালিকা, এমনটাই খবর। ২২ বা ২৩ মার্চের মধ্যে বাকি তালিকা প্রকাশ হয়ে যাবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার।  

RELATED Articles