বড়সড় আর্থিক প্রতারণার অভিযোগ উঠল অভিনেত্রী তথা লোকসভার তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে। এক সংস্থার বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ তুলেছেন কয়েকজন বয়স্ক ব্যক্তি। অভিযোগ, সেই সংস্থার অন্যতম ডিরেক্টর নুসরত জাহান। এই অভিযোগ নিয়েই গতকাল, সোমবার সন্ধ্যায় ইডি-র দফতরে যান প্রতারিতরা। তাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।
কী অভিযোগ উঠেছে নুসরতের বিরুদ্ধে?
অভিযোগকারীদের দাবী, কো-অপারেটিভ ব্যবস্থায় একটি সংস্থার সঙ্গে তাদের ফ্ল্যাট কেনার কথা হয়েছিল। মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার চুক্তি অনুযায়ীই অভিযোগকারীরা ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে দিয়েছিলেন। ২০১৪ সালে ৪২৯ জন ফ্ল্যাট কেনার জন্য টাকা দিয়েছিলেন বলে দাবী।
তবে ২০১৮ সালের পরও ফ্ল্যাট পান নি তারা। গড়িয়াহাট থানায় এই নিয়ে অভিযোগও জানাতে গিয়েছিলেন তারা, এমনটাই জানা গিয়েছে। কিন্তু কোনও সুরাহা না হয়নি। সেই কারণে পরবর্তীতে ওই অভিযোগকারীরা আদালতের দ্বারস্থ হন।
কী জানাচ্ছেন বিজেপি নেতা?
বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা জানান, আলিপুর আদালত থেকে নুসরত জাহানকে বারবার ডেকে পাঠানো হয়েছে। কিন্তু সমন পেয়েও আদালতে যাননি তিনি। তিনি এও অভিযোগ করেছেন যে প্রশাসনের তরফ থেকেও ওই প্রতারিত ব্যক্তিদের মামলা তুলে নেওয়ার চাপ দেওয়া হচ্ছে।
অভিযোগকারীদের দাবী, তারা যে অ্যাকাউন্টে ওই টাকা জমা করেছিলেন, সেই টাকা থেকেই নুসরত জাহান পাম অ্যাভিনিউতে কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন। প্রমাণ হিসেবে তারা সেই লেনদেনের নথি ও নুসরতের ডিরেক্টর পদের প্রমাণও জমা করেছেন ইডি-র দফতরে।
বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার দাবী, এত বড় আর্থিক কেলেঙ্কারির প্রমাণ থাকা সত্ত্বেও কেন নুসরতের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু না হয়, তাহলে তাদের নিয়ে কলকাতার রাস্তাতেই প্রতিবাদে বসবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা।





