মাঘ মাসে দারুণ স্পেল শুরু হয়েছিল শীতের। কয়েকদিনে হাড়কাঁপানো ঠাণ্ডায় জবুথবু হয়ে গিয়েছিল বঙ্গবাসী। সকালের দিকে ঘন কুয়াশার দাপট এখনও রয়েছে। আকাশ মেঘলা থাকলেও বেলার দিকে রোদের দেখা মিলছে। আর এসবের মধ্যে ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আজ, শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৭ থেকে ৯৫ শতাংশ। বেশ মনোরম আবহাওয়াই আপাতত রাজ্যে রয়েছে। কিন্তু স্থায়িত্ব কতদিন?
ফের বদলাবে আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জানুয়ারি মাসের শেষে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজস্থান ও কর্নাটকে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে। কর্নাটক থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যা তেলেঙ্গানার ওপর দিয়ে রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। আগামীকাল, ২৭ জানুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এর জেরে কলকাতায় রাতের তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া ভালোই থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে ফেব্রুয়ারির শুরুর দিকে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
বাকি রাজ্যের আবহাওয়া কেমন?
উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়াণা, মধ্যপ্রদেশ ও রাজস্থানে কোল্ড ডে পরিস্থিতি রয়েছে। উত্তর-পশ্চিম ভারত-সহ বেশ কিছু রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আগামী কয়েক দিনে উত্তর-পশ্চিম, মধ্য ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানা গিয়েছে।





