দলীয় সংগঠন মজবুত করতে হবে, লক্ষ্য ২০২৬-এর বিধানসভা, রাজ্যস্তরের কর্মীদের মনোবল শক্ত করতে ফের বাংলায় আসছেন অমিত শাহ

গত সপ্তাহেই বাংলা সফর করে ফিরেছেন তিনি। সেই সময় তিনি কথা দিয়ে গিয়েছিলেন যে ফের আসবেন। তা যে কেবল দলের কর্মীদের উজ্জীবিত করতেই বলেন নি, তার প্রমাণ মিলল এবার। সত্যিই ফের রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বঙ্গ বিজেপি সূত্রে খবর, জুনের শেষের দিকে বা জুলাইয়ের প্রথমের দিকেই ফের বাংলা সফর করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে জানানো হয়েছে যে এবার থেকে দু-তিনমাস অন্তর রাজ্যে আসবেন অমিত শাহ। কিছুদিন আগেই যখন তিনি বাংলা সফরে এসেছিলেন, তখনই তিনি বার্তা দিয়েছিলেন যে বুথ স্তর পর্যন্ত দলের সংগঠনকে মজবুত করতে হবে।

সেই সময় শাহ স্পষ্ট করে দেন যে রাষ্ট্রপতি শাসন নিয়ে কোনও বিষয় গোটাটাই কেন্দ্রীয় সরকারের বক্তব্য। চাইলেই কোনও রাজ্যের নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া যায় না। তিনি স্পষ্ট বুঝিয়ে দেন যে রাজ্যে ৩৫৫ বা ৩৫৬ ধারা জারি করা যাবে না।

আগেরবারের সফরের সময় অমিত শাহ এটা স্পষ্ট করে দিয়েছেন যে লড়াই করেই জিততে হবে। নিউটাউনে বৈঠকের সময় তিনি দলীয় কর্মী ও নেতাদের বুঝিয়ে দেন যে ২০২৬-এর বিধানসভাই এখন বিজেপির লক্ষ্য। এর পাশাপাশি বিজেপির রাজ্জপ সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করার কথাও বলেন তিনি।

বোঝাই যাচ্ছে যে বঙ্গ বিজেপি নেতৃত্বের উপর এখন থেকে নজর রাখবে কেন্দ্রীয় নেতৃত্ব। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ২০০ আসনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। কিন্তু এর জেরে দলীয় কর্মীরা যাতে ভেঙে না পড়েন, সেই বার্তা দিয়েই অমিত শাহ সকলকে ফের শূন্য থেকে শুরু করতে বলেছেন। বুথ কমিটি গঠন করে লড়াইয়ের বার্তা দেন তিনি। সেই বার্তা বাংলায় আদৌ কতটা কার্যকর হচ্ছে, তা এবার যে তিনি নিজেই তদারকি করবেন। তা বেশ স্পষ্ট।

RELATED Articles