পাত পেড়ে আদিবাসী মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ, করলেন কৃতজ্ঞ টুইট!

একুশে বিধানসভা নির্বাচনের আগে মানুষের মন জয় করতে কোমর বেঁধে মাঠে নেমেছে সব রাজনৈতিক দলই।আজ বাঁকুড়া শহরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিনভর কী করলেন অমিত শাহ? বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন অমিত শাহ। এরপর বাঁকুড়া রবীন্দ্রভবনে প্রথম দফার দলীয় বৈঠক সারেন। এরপরে চতুরডিহি গ্রামে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভীষণ হাঁসদার বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজন সারেন। পাত পেড়ে জমিয়ে নিরামিষ ভোজন করেন অমিত শাহ।

বাড়িতে ঢোকার মুখেই তাঁকে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর সেখানে তাকিয়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এবং পরিবারের বাকিদের সঙ্গে কথা বলে তিনি মধ্যাহ্নভোজনে বসেন।বাড়ির দাওয়ায় খেজুর চাটাইয়ের ওপর পুরোপুরি বাঙালি কায়দায় বসে ভাত, রুটি, করলা ভাজা, বেগুন ভাজা, আলুভাজা, ডাল ও বাঁকুড়ার ঐতিহ্যবাহী মেচা সন্দেশ দিয়ে দুপুরের আহার সারেন অমিত শাহ।

তাঁর সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি মুকুল রায় এবং বিজেপির অন্যান্য শীর্ষ নেতারা। গোটা ঘটনার তদারকি করেন বিষ্ণুপুরের সাংসদ এবং বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ।

এছাড়াও অমিত শাহের হাতে এদিন একটি দুর্গামূতি তুলে দেওয়া হয়। আতিথেয়তায় মুগ্ধ হয়ে অমিত শাহ টুইট করেন, “Had amazing Bengali food at Shri Vivishan Hansda ji’s home in Chaturdhi village.No words can express their warmth and hospitality. চতুরডিহি গ্রামে শ্রী বিভীষণ হাঁসদাজীর বাড়িতে চমৎকার বাঙালি খাবার খাওয়ার সুযোগ পেলাম। কোনো শব্দই তাদের আতিথেয়তা বর্ণনা করতে পারবেনা।”

আরও অন্যান্য খবর