কৃষকের বাড়িতে দাওয়ায় বসে পাত পেড়ে খেলেন অমিত শাহ, দেখে নিন কী কী খাবার ছিল তাঁর আয়োজনে

যেমন কথা ছিল, সেই অনুযায়ীই কাজ হল। মেদিনীপুরে এক কৃষকের বাড়িতেই মধ্যাহ্নভোজন সারলেন অমিত শাহ। দাওয়ায় বসে পাত পেড়ে খেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বললেন পরিবারের সদস্যদের সঙ্গে।

এদিন পশ্চিম মেদিনীপুরে মহামায়া মন্দিরে পুজো দিয়ে দুপুর ১.৩০টা নাগাদ অমিত শাহ পৌঁছন বালিজুড়ির কৃষক সনাতন সিংয়ের বাড়িতে। এদিন অমিত শাহের সফর ঘিরে সনাতনবাবুর বাড়ি তো বটেই, গোটা গ্রামেও রয়েছে কঠোর নিরাপত্তা। নিয়ন্ত্রণ রাখা হয়েছে গ্রামবাসীদের গতিবিধির উপরেও।

এদিন অমিত শাহের খাতির যত্নের জন্য সকাল থেকেই সনাতনবাবুর বাড়িতে সাজো সাজো রব। স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজনের জন্য। এর জেরে বেশ উচ্ছ্বসিত দেখাল তাঁকে। বলেন, “স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমার অতিথি, এর থেকে গর্বের আর কীই বা হতে পারে?” জানা গিয়েছে, তিন বিঘা কৃষিজমি রয়েছে সনাতনবাবুর। বছর কয়েক আগে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় পেয়েছেন ঘোর। এরপর থেকেই তাঁর পরিবার বিজেপির ভক্ত।

এদিন বেলা ঠিক ১.৩০টার সময়ই সনাতনবাবুর বাড়ি পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে উঠোনে চৌকিতে বসে কিছুক্ষণ বিশ্রাম নেন। কথাবার্তা বলেন সনাতনবাবু ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। এরপর পালা মধ্যাহ্নভোজের। এদিন অমিত শাহের আয়োজনে মেনুতে ছিল ছাপোষা বাঙালি খাবার। ছিল সরু চালের ভাত, উচ্ছে ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, লাউ দিয়ে মুগ ডাল, শুক্তো, পোস্ত দিয়ে শাক, ফুলকপির তরকারি, চাটনি, টক দই ও নলেন গুড়ের রসগোল্লা।

এদিন সনাতনবাবুর বাড়িতে অমিত শাহের সঙ্গে মধ্যাহ্নভোজন সারেন কেন্দ্রীয় বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, ও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ও।

RELATED Articles