যবনিকা পতন! অমিত শাহ্-এর উপস্থিতিতে বিজেপিতে যোগদান শুভেন্দুর, ঘরবদলের তালিকা দীর্ঘ, দেখে নিন-

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিধানসভা নির্বাচনের মুখে নিজের ঘর বদল করলেন শুভেন্দু অধিকারী।
তবে শুধু শুভেন্দুই নন, মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহের শনিবারের সভা কার্যত দলবদলের মেলায় পরিণত হতে চলেছে। দীর্ঘ জল্পনার শেষে প্রকাশ্যে এসেছে বিজেপিতে যোগদানকারীদের দীর্ঘ তালিকা। সেই তালিকায় সাংসদ, বিধায়ক থেকে জেলা পরিষদ সদস্য কেউ বাদ নেই। এমনকী নাম রয়েছে তৃণমূলের সংখ্যালঘু সেলের একাধিক নেতার‌ও।
আজ গেরুয়া শিবিরের তরফে যে তালিকা সংবাদমাধ্যমের হাতে এসেছে তাতে রয়েছে অন্তত ৯ জন বিধায়কের নাম রয়েছে। এছাড়া রয়েছেন বেশ কয়েকজন প্রাক্তন বিধায়ক। তালিকা অনুসারে বিজেপিতে যোগ দিচ্ছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল ও আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে।
চলুন দেখে নেওয়া যাক বিধায়কদের তালিকা-
সেখানে সবার ওপরে রয়েছে গতকালই তৃণমূলে ইস্তফা দেওয়া শুভেন্দু অনুগামী কাঁথি উত্তরের বিধায় বনশ্রী মাইতির নাম। এর পর রয়েছে হলদিয়ার সিপিআইএম বিধায়ক তাপসী মণ্ডল, তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দা, পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, বর্ধমান পূর্বর তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা, বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত, গাজোলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস, নাগরাকাটার তৃণমূল বিধায়ক শুক্রা মুন্ডার নাম।
এছাড়া তালিকায় নাম রয়েছে বাঁকুড়ার তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম। আগেই তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তালিকায় রয়েছেন তৃণমূলের পদত্যাগী নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আলিপুর দুয়ারের তৃণমূল নেতা আশিস দত্ত ও বাপ্পা মজুমদার, উত্তর দিনাজপুরের তৃণমূল নেতা কার্তিক পাল ও প্রফুল্ল বর্মন, দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন বিধায়ক সত্যেন রায়, জেলার তৃণমূল নেতা দেবাশিস মজুমদার, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপাল মিশ্র, উত্তর ২৪ পরগনার পানিহাটির কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পুরসভার বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, গুসকরা পুরসভার তৃণমূলের নেতা ও কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়, পুরুলিয়ার তৃণমূল নেতা গৌতম রায়, হুগলি জেলা পরিষদের অধ্যক্ষ সমীরণ মিশ্র, ডানকুনি পুরসভার উপ পুরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায়, হুগলি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত, হুগলি জেলার তৃণমূল নেতা গৌতম মাঝি‌ও।
তালিকায় রয়েছে তৃণমূলের অন্তত ৬ জন সংখ্যালঘু নেতার নাম। তাঁরা হলেন, অধ্যাপক ওইদুল হক, হুলগির প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান, হুগলির তৃণমূল নেতা আলমগির মোল্লা, তৃণমূলের সংখ্যালঘু সেলের পদত্যাগী সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, বীরভূমের তৃণমূল নেতা কারম হোসেন খান।

আরও অন্যান্য খবর