‘কাউকে ছাড়া হবে না, উল্টো ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে’, ভোট প্রচারে এসে কাকে নিশানা করলেন অমিত শাহ?

লোকসভা ভোটের আগে রাজ্যে ভোট প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন বালুরঘাটে বুনিয়াদপুর থেকে সভা করেন তিনি। সন্দেশখালি তো বটেই, এদিন তাঁর বক্তব্যে উঠে আসে ভূপতিনগরের প্রসঙ্গও। ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন এদিন তিনি।

ভূপতিনগরের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশেই ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়তে হয় এনআইএ-এর আধিকারিকদের। সেই বিষয়ে এদিন অমিত শাহ (Amit Shah) বলেন, “যারা বোমা বেঁধে বিস্ফোরণ করছে, এনআইএ-এর ওপর হামলা করছে, তাঁদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লজ্জা হওয়া উচিত”।

এদিন যারা সভায় এসেছিলেন তাঁদের আশ্বস্ত করে শাহ (Amit Shah) বলেন, “আপনার কেউ চিন্তা করবেন না। হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। সবাইকে উল্টো ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে”।

এদিন শাহী ভাষণের বেশিরভাগ অংশ জুড়েই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার মন্তব্য। অমিত শাহ্‌’র (Amit Shah) দাবী, সন্দেশখালির মতো ঘটনা নিয়েই রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও দাবী করেন যে সিএএ নিয়েও মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভা থেকে শাহ আমজনতার উদ্দেশে আর্জি জানিয়ে বলেন, “এত রাগে বোতাম টিপবেন যেন কলকাতায় মমতা দিদির গায়ে কারেন্ট লাগে”।

উল্লেখ্য, ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনায় তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন এনআইএ-এর আধিকারিকরা। আবার তদন্তকারীদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে তৃণমূলের এক পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ। তবে কলকাতা হাইকোর্টের তরফে সেই এফআইআরের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এনআইএ আধিকারিকদের রক্ষাকবচ দিয়েছে আদালত। আদালতের অনুমতি ছাড়া এনআইএ আধিকারিকদের গ্রেফতার করতে পারবে না পুলিশ, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED Articles