গত শুক্রবার রাতেই দু’দিনের বাংলা সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার আগামী বছর থেকে প্রতিমাসে বাংলায় আসবেন তিনি, থাকবেন অন্তত এক সপ্তাহ ধরে, এমন কথাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
২০২১-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। নির্বাচনের জন্য প্রচারের দিক থেকে কোনওরকমের খামতি রাখতে নারাজ বিজেপি। এই কারণেই এই সিদ্ধান্ত। গতকালই মেদিনীপুর দাপিয়ে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর রাতে দলের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, দিলীপ ঘশ ও সব্যসাচী দত্ত। এদিনের বৈঠকে তিনি বিজেপি সংগঠনকে আরই বেশি মজবুত করার নির্দেশ দেন।
আজও সারাদিন বোলপুরে কাটান স্বরাষ্ট্রমন্ত্রী। বিশ্বভারতী পরিদর্শন থেকে শুরু করে বাউল বাড়িতে মধ্যাহ্নভোজন, তারপর হনুমান মন্দিরে পুজো দেওয়া ও সবশেষে পথযাত্রা। সবমিলিয়ে বেশ ব্যস্ততায় দিন কেটেছে তাঁর।
স্বরাষ্ট্রমন্ত্রীর আগামী দিনে রাজ্য সফরের প্রসঙ্গে এদিন দিলীপ বলেন, “২০২১ থেকে অমিত শাহ’র বাংলায় আরও বেশি করে আসবেন৷ এখন উনি দু’দিনের জন্য থাকছেন৷ এরপর মাসে সাত দিন করেও থাকবেন”। তিনি আগেই জানিয়েছিলেন যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত প্রতি মাসে একবার করে বাংলা সফরে আসবেন৷ শাহ’র সঙ্গে বৈঠকের প্রসঙ্গে দিলীপ বলছেন, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও দলের ভবিষ্যতের কাজ নিয়ে আলোচনা হয়েছে৷ রাজ্যে বিজেপি-র নেতারা এখনও পর্যন্ত কী কাজ করেছেন তারও মূল্যায়ন করা হয়েছে বলেও জানান তিনি।
এদিন দিলীপ ঘোষ বৈঠক প্রসঙ্গে বলেন, “গতকালের বৈঠকে আগের কাজে নিয়ে কথা হয়েছে৷ বিভিন্ন জায়গায় একাধিক মন্ত্রী ও নেতা নির্বাচনের প্রস্তুতি নিয়েই ব্যস্ত রয়েছেন৷ এই বৈঠকে পুরোটাই নির্বাচনকেন্দ্রিক কাজকর্ম ও ভবিষ্যতের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে৷ অমিত শাহ আমাদের নির্দেশ দিয়েছেন কী করতে হবে”।
উল্লেখ্য, গত অক্টোবরে জে পি নাড্ডা এক দিনের জন্য উত্তরবঙ্গ সফরে এসছিলেন৷ গত সপ্তাহেও তিনি দু’দিনের রাজ্য সফর করে গিয়েছেন৷ অমিত শাহও গতমাসে দু’দিন বাংলা সফর করে গিয়েছিলেন৷
সূত্রের খবর অনুযায়ী, জানুয়ারিতে ফের তিন দিনের সফরে রাজ্যে আসতে পারেন শাহ ও নাড্ডা। বিধানসভা নির্বাচনে এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে চাইছে না বিজেপি তা একের পর এক কেন্দ্রীয় নেতাদের বাংলা সফরেই স্পষ্ট৷





