অনুব্রতর গড়ে আজ সফল রোড শো শাহ্’র, সোনার বাংলা গড়ার অঙ্গীকার, “বিজেপিকে সুযোগ দিন”, আবেদন শাহ্’র

আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র দু’দিনের বাংলা সফরে দ্বিতীয় দিন। গতকাল মেদিনীপুর কাঁপিয়ে আজ পালা ছিল বোলপুরের। এদিন অনুব্রতর গড়ে রোড শো করেন তিনি। রোড শো-ও জনজোয়ার দেখে আপ্লুত স্বরাষ্ট্রমন্ত্রী। বলেই ফেললেন, “অনেক রোড শো করেছি, কিন্তু এরকম রোড শো জীবনে দেখিনি”।

এদিন বোলপুরের ডাকবাংলোর মোড় থেকে শুরু হয় রোড শো। এক কিলোমিটারের এই রোড শোয়ে ভিড় ছিল চোখে পড়ার মতো। ছিল বাউল গান ও ঢাকের আওয়াজ। জায়গায় জায়গায় শাহ্‌’র উপর হল পুষ্পবৃষ্টি।

আজকের এই রোড শো- কে ঐতিহাসিক বলে দাবী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, “বোলপুরের এই রোড শো ঐতিহাসিক। এটাই মোদীর প্রতি মানুষের ভালবাসার প্রমাণ। বোলপুরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ”। এদিন রোড শো থেকেই মমতার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, “বাংলায় তোলাবাজি কারবার বন্ধের প্রয়োজন। বিজেপি উন্নয়ন ঘটাবে। এরকম র‍্যালি আগে দেখিনি। মোদীজির প্রতি মানুষের ভালবাসা দেখেছি। হিংসার রাজনীতির বদল দরকার। ভাইপোর দারাগিরি বন্ধ হবে”।

এদিন শাহ দাবী করেন যে বাংলা উন্নয়নের রাস্তা থেকে সরে গিয়েছে। বাংলায় বিজেপির হাত ধরেই আসবে উন্নয়ন। এদিন তিনি বাংলার মানুষের কাছে ভোটের আবেদন জানান। বিজেপিকে আগামী নির্বাচনে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, “এতদিন তো কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূলকে দেখলেন। কিন্তু তাতে কী অবস্থার কোনও উন্নতি হয়েছে? বিজেপিকে একবার সুযোগ দিন। সোনার বাংলা গড়ে দেব”।

উল্লেখ্য, এদিন বোলপুরে সফরে এসে প্রথমেই অমিত শাহ যান বিশ্বভারতীতে। সেখানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে তিনি বলেন রবীন্দ্রনাথ সংকীর্ণতার উপরে, তাঁর সাহিত্য গোটা দেশকে সমৃদ্ধ করেছে। বিশ্বভারতী থেকে শাহ্ যান বাসুদেব বাউলের বাড়িতে। সেখানেই তাঁর আজকের মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছিল। মধ্যাহ্নভোজনের পরে ছিল হনুমান মন্দির দর্শন। মন্দিরে পুজো দিয়ে তিনি এদিনের রোড শো-য়ে অংশ নেন।

RELATED Articles