শান্তিনিকেতন পরিদর্শন থেকে বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজন, বাংলায় শাহের দ্বিতীয় দিনের সফরেও থাকছে একঝাঁক কর্মসূচী

গতকালই কাঁপিয়ে এসেছেন মেদিনীপুর। এরপর আজ, রবিবার তাঁর ঝুলিতে রয়েছে শান্তিনিকেতন সফর। এই নিয়ে বোলপুরের বিভিন্ন জায়গায় প্রস্তুতি তুঙ্গে। সকাল থেকেই সেখানে আজ সাজো সাজো রব। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগেই শান্তিনিকেতনে স্বচ্ছ অভিযানে অংশ নেন বিজেপি কর্মীরা। আজ সকালেই রাস্তা পরিষ্কারের কাজে লেগে পড়েন তারা।

এদিন সকালে নিউটাউনের হোটেল থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন অমিত শাহ। বিশ্বভারতীর হেলিপ্যাডে নেমে সেখান থেকে গাড়ি করে বিশ্বভারতী পৌঁছন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান অনুপম হাজরা, লকেট চট্টোপাধ্যায়, অরবিন্দ সেন, রাজু বন্দ্যোপাধ্যায়, রাহুল সিন্‌হা-সহ একাধিক বিজেপি নেতারা।

এদিন বিশ্বভারতী পৌঁছে প্রথমেই অমিত শাহ যান রবীন্দ্র ভবনে। সেখানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেই শুরু করেন তাঁর বোলপুর সফর। এরপর ঘুরে ঘুরে দেখেন সঙ্গীত ভবন, উপাসনা গৃহ। বেলা ১১টা থেকে ১২.৪০ পর্যন্ত বৈঠক করেন বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে। এই সময় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও আশ্রমিকরা ছাড়া দলের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর গন্তব্যস্থল রতনপল্লির বাসুদেব দাস বাউলের বাড়ি। এখানেই তাঁর মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, বাসুদেব বাউলের বাড়ি গিয়ে তিনি শিব মন্দিরে পুজো দেবেন নীলকণ্ঠ ফুল ও দুধ দিয়ে। এরপর শুনবেন বাউল গান। বাসুদেব দাসের এক নিকট বন্ধু অনুযায়ী গান পরিবেশন করবেন তারা। তবে ‘তোমায় হৃদমাঝারে রাখব’ গানটি তাদের পরিবেশনার মধ্যে থাকছেই।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্নভোজন সারবেন তাঁর বাড়িতে, এই নিয়ে তাঁর বাড়িতে প্রস্তুতি তুঙ্গে। বাসুদেব দাসের স্ত্রী উমা দাস জানান, আজ স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বাড়ির অতিথি, তা তাদের কাছে অত্যন্ত গর্বের। শাহের খাতির যত্নে যাতে কোনও খামতি না থাকে, তাই সকাল থেকেই শুরু হয়েছে রান্নার প্রস্তুতি। জানা গিয়েছে, রান্নার জোগাড়ে সাহায্য করতে আশেপাশের গিন্নিরাও হাত লাগিয়েছেন। সকাল ৮টা থেকেই শুরু হয়ে গিয়েছে রান্না। এতক্ষণে রান্নার পর্ব শেষ।

আজ স্বরাষ্ট্রমন্ত্রীর আয়োজনে থাকছে ছাপোষা বাঙালি খানা। মেনুতে রয়েছে ভাত, মুগের ডাল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলুপোস্ত, পালং শাকের তরকারি। এর সঙ্গে থাকছে স্যালাড, পায়েস, টক দই ও নলেন গুড়ের রসগোল্লা।

এদিন বাসুদেব বসুর বাড়িতে আটোসাটো নিরাপত্তা। বাইরের কেউ যাতে তাঁর বাড়িতে ঢুকতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। স্যানিটাইজ করা হয়েছে গোটা এলাকা। সকাল থেকেই উচ্চপদস্থ কর্মচারীরা বাসুদেব বাউলের বাড়ি পরিদর্শন করেছেন যাতে শাহের আয়োজনে কোনও খামতি না থাকে। সেন্ট্রাল এজেন্সি থেকে ফুড ডিপার্টমেন্টের কর্মীরা এসে রান্না খাবারের তদারকি করে গিয়েছেন যাতে খাবারের থেকে কোনওরকমের বিষক্রিয়া না হয়।

এদিন দুপুরের খাওয়া সেরে অমিত শাহ যাবেন বোলপুর ডাকবাংলোতে। সেখানে হনুমান মন্দিরে দেবেন পুজো। এরপর ডাকবাংলো থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত বিজেপির মিছিল রয়েছে, এখানে অংশ নেবেন তিনি। মিছিল শেষে রয়েছে সাংবাদিকদের সঙ্গে বৈঠক।

RELATED Articles